অরুণাচলে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলটের অনুসন্ধান চলছে
ভারতের অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে থাকা লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার দু’জন পাইলটের অনুসন্ধান চলছে।
সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, ‘বমডিলায় মহড়া চলছিল ওই হেলিকপ্টারটির। সকাল সোয়া ৯টা নাগাদ এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে জানা গেছে, হেলিকপ্টারটি মান্ডালায় ভেঙে পড়েছে। হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।’
অন্যদিকে, অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, ওড়ার পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা জিরাং থানায় জানান যে, তারা একটি হেলিকপ্টার ভেঙে পড়তে দেখেছেন।
সেনাবাহিনী, এসএসবি এবং পুলিশের তল্লাশি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এর আগে গতবছর ২১ অক্টোবর সামরিক হেলিকপ্টার 'রুদ্র' অরুণাচল প্রদেশের সিয়াং জেলায় বিধ্বস্ত হয়। টুটিং সদর দফতর থেকে ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সে সময়ে ৫ জনের মৃত্যু হয়েছিল। রুদ্র সেনাবাহিনীর একটি অ্যাটাক হেলিকপ্টার। এটি ভারতীয় সেনাবাহিনীর জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) দ্বারা নির্মিত। এটি ধ্রুব লাইট হেলিকপ্টারের ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেটেড এর একটি সংস্করণ।
গত বছরের ৫ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াং এলাকায় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ছিলেন। দুর্ঘটনার পর দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত পাঁচ বছরে ভারতীয় সামরিক বাহিনীর অর্থাৎ তিন বাহিনীর ১৮টি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর লোকসভায় এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট ওই তথ্য জানান। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ১৫টি দুর্ঘটনা ঘটেছে। এর পর আরও তিনটি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে দু’টি দুর্ঘটনা ঘটে ২০২২ সালের অক্টোবর মাসে। দুর্ঘটনার কবলে পড়ে রুদ্র ও চিতা হেলিকপ্টার। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।