পশ্চিমবঙ্গে চাকরি চুরির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে কোলকাতা ও দিল্লিতে প্রতিবাদ বিজেপির
https://parstoday.ir/bn/news/india-i120778-পশ্চিমবঙ্গে_চাকরি_চুরির_অভিযোগে_তৃণমূলের_বিরুদ্ধে_কোলকাতা_ও_দিল্লিতে_প্রতিবাদ_বিজেপির
ভারতের পশ্চিমবঙ্গে শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে চাকরিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে কোলকাতার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি ‘চলমান প্রদর্শনী’ কর্মসূচি পালন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৬, ২০২৩ ১৫:৩১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে চাকরি চুরির অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে কোলকাতা ও দিল্লিতে প্রতিবাদ বিজেপির

ভারতের পশ্চিমবঙ্গে শাসক দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে চাকরিতে নিয়োগে দুর্নীতির অভিযোগে কোলকাতার শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি ‘চলমান প্রদর্শনী’ কর্মসূচি পালন করেছে।

আজ (বৃহস্পতিবার)একইসঙ্গে দিল্লিতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি এমপিরা ওই ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে পোস্টার প্রদর্শন করাসহ শ্লোগান দিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন।   

বিজেপির ওই কর্মসূচিতে বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যোগ্য ও মেধাযুক্ত চাকরি প্রার্থীদের বঞ্চিত করে চাকরি চুরি করা হয়েছে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কোলকাতায় ‘তৃণমূলের সবাই চোর’ বলে শ্লোগান দিলে তার সঙ্গে থাকা অন্যরা তাতে গলা মেলান।

শুভেন্দু অধিকারী বলেন, ‘লাখ লাখ ছেলে মেয়ে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছে। তাদের ভবিষ্যতকে, তাদের স্বপ্নকে, মেধাকে ধ্বংস করে চাকরিগুলো চুরি করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি থেকে শুরু করে নেতা-নেত্রী-মন্ত্রী যারা চাকরি চোর তাদের ১৪ জনের ছবি এখানে আছে। আপনারা দেখুন এদের চাকরি গেছে হাইকোর্টের নির্দেশে। ভুয়া চাকরি। গ্রুপ-সিতে এরা স্কুল সার্ভিস কমিশনের চাকরি নিয়েছে। এমন অসংখ্য চাকরি তৃণমূল নেতা-মন্ত্রীরা তাদের পরিবারকে দিয়েছে।’  

তিনি এসময়ে শ্লোগান দেন ‘ওয়ান-টু-থ্রি-ফোর, তৃণমূলের সবাই চোর’, ‘চোর ধরো, জেল ভরো’, ‘পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর’, ‘পার্থ চোর, কেষ্ট চোর, তৃণমূলের সবাই চোর’ ‘পরেশ চোর, মানিক চোর, তৃণমূলের সবাই চোর’ ইত্যাদি শ্লোগান দিলে উপস্থিত সকলেই তাতে গলা মেলান।

পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী বিভিন্ন সংস্থার তৎপরতায় বেআইনি নিয়োগের অভিযোগে তৃণমূলের বেশ কিছু নেতাকে গ্রেফতার এবং পরবর্তীতে কোলকাতা হাইকোর্টের নির্দেশে একের পর এক চাকরি বাতিল হওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।