কোলকাতায় আক্রান্ত হলেন ‘আইএসএফ’ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি, হামকারীকে গ্রেফতার করল পুলিশ
ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ‘ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হলেন ‘আইএসএফ’ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকি।
আজ (শনিবার) কোলকাতার ধর্মতলায় সরকারি কর্মীদের যৌথ আন্দোলন মঞ্চে অনশন কর্মসূচিতে শামিল হয়েছিলেন পশ্চিমবঙ্গের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আজ দুপুরে তিনি যখন বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন সে সময়ে তার সামনে এসে এক ব্যক্তি তাকে ধাক্কা মারে। এ সময়ে সেখানে ব্যাপক শোরগোল পড়ে যায় মঞ্চে। কিন্তু আক্রমণের মুখে পড়েও বিধায়ক নওশাদ সিদ্দিকি হামলাকারীকে পালটা মারধর না করতে তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান। হামলাকারী ওই যুবক কে, কেন আচমকা বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ধাক্কা দিলেন, তা এখনও স্পষ্ট হয়নি। পুলিশ ওই হামলাকারীকে আটক করে নিয়ে গেছে।
বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘পরিকল্পনা করে এই আন্দোলনকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছিল। ধন্যবাদ, যারা আছেন এখানে, সকলেই শিক্ষিত মানুষ। তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পুলিশের এখন কাজ সত্যটা সবার সামনে আনা। কে এসেছিল, কেন এসেছিল সেটা সকলের সামনে আসা প্রয়োজন। এই মঞ্চকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের।’
রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এ ধরনের চড় বা শারীরিক হেনস্থা সমর্থন করি না। এটা সুস্থ রাজনীতি নয়। তবে এই মঞ্চ নাটকের মঞ্চ হয়েছে। নাটকের কোন অঙ্কে কে কী অভিনয় করছে সেটা বলা মুশকিল।’
কেন্দ্রীয় হারে মহার্ঘভাতা পাওয়ার দাবিতে ৫১ দিন ধরে ধর্মতলায় শহিদ মিনার চত্বরে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাংশ। আজ শনিবার সকালে সেই মঞ্চে পৌঁছে যান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে তিনিও সূর্যাস্ত পর্যন্ত উপবাস করার কথা বলেন। সারাদিন মঞ্চেই ছিলেন তিনি। দুপুরের পরেই আক্রমণের মুখে পড়েন বিধায়ক নওশাদ সিদ্দিকি। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।