ভারতে কংগ্রেস এমপি রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ যাওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব
https://parstoday.ir/bn/news/india-i120880-ভারতে_কংগ্রেস_এমপি_রাহুল_গান্ধীর_বাড়িতে_পুলিশ_যাওয়ায়_ক্ষুব্ধ_কংগ্রেস_নেতৃত্ব
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যাওয়ায় জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৯, ২০২৩ ১৪:২৮ Asia/Dhaka
  • ভারতে কংগ্রেস এমপি রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ যাওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির দিল্লির বাড়িতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা যাওয়ায় জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।

‘ভারত জোড়ো পদযাত্রা’ কর্মসূচি চলাকালীন রাহুল গান্ধী শ্রীনগরে বলেছিলেন, দেশে অনেক নারীই যৌন হেনস্তার শিকার। রাহুল বলেন, ‘ভারত জোড়ো যাত্রার সময় একটি মেয়ে তাকে এসে বলে সে ধর্ষণের শিকার। পাল্টা আমি তাকে প্রশ্ন করি, আপনি কেন পুলিশের কাছে যাচ্ছেন না? উত্তরে মেয়েটি জানায়, পুলিশের কাছে গেলে সমাজে লজ্জার মুখে পড়তে হবে তাকে। হেনস্থাও করা হতে পারে।’

কংগ্রেস নেতার ওই মন্তব্যের ভিত্তিতে গত (শুক্রবার) দিল্লি পুলিশের পক্ষ থেকে তাকে একটি চিঠি দেওয়া হয়। তাতে রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করা হয়, কোন  মহিলা যৌন নির্যাতনের বা হেনস্থার শিকার সেই বিষয়ে তথ্য দিন, পুলিশ তাদের সুরক্ষা দেবে ও তদন্ত করতে সাহায্য করবে। সেই চিঠির ভিত্তিতেই তথ্য সংগ্রহের জন্য আজ (রোববার) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে যায় দিল্লি পুলিস।   

আজ সকালে দিল্লিতে রাহুল গান্ধীর বাসায় যান দিল্লি পুলিশের কর্মকর্তারা। পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন দিল্লির স্পেশ্যাল কমিশনার সাগরপ্রীত হুডা। প্রায় ঘণ্টাখানেক রাহুলের বাড়ির বাইরে অপেক্ষা করার পর কংগ্রেস এমপির সঙ্গে কথা বলার সুযোগ পায় পুলিশ। বৈঠক শেষে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘রাহুলজী বলেছেন দ্রুত সব তথ্য দেবেন। উনি জানিয়েছেন দীর্ঘ যাত্রা পথে অনেকের সঙ্গে কথা হয়েছে, সেই তথ্য একজোট করতে সময় লাগবে। যত দ্রুত সম্ভব উনি তথ্য দেবেন। তারপরই আমরা ওই মহিলাদের নিরাপত্তা দেব এবং আইনি ব্যবস্থা গ্রহণ করব।’   

এদিকে, দিল্লি পুলিশের এ ধরণের পদক্ষেপের তীব্র সমালোচনা করে কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়ো যাত্রা শেষ হয়েছে ৪৫ দিন হয়ে গেছে। তারা (দিল্লি পুলিশ) ৪৫ দিন পর জিজ্ঞাসাবাদের জন্য গেছে। তারা যদি এতই চিন্তিত তাহলে ফেব্রুয়ারিতে তার কাছে গেলেন না কেন? রাহুল গান্ধীর আইনি টিম আইন অনুযায়ী জবাব দেবে।’ জয়রাম রমেশের পাশাপাশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের সিনিয়র নেতা ও বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি আজ রাহুল গান্ধীর বাসায় যান। অভিষেক মনু সিংভি দিল্লি পুলিশ চলে যাওয়ার পরে বলেন, কেন্দ্রীয় সরকার হয়রানি করছে। বিবৃতির ৪৫ দিন পর দিল্লি পুলিশের এই পদক্ষেপ প্রতিহিংসার রাজনীতি বলেও মন্তব্য করেন কংগ্রেস সিনিয়র নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি।

কংগ্রেসের শীর্ষ সূত্র জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে বা অভিযোগের ভিত্তিতে নোটিশ জারি করার কোনও আইনি নজির নেই। কংগ্রেস এটিকে দিল্লি পুলিশের আরেকটি হয়রানির উপকরণ হিসেবে দেখছে। বিবৃতি থাকতে পারে, কিন্তু ভুক্তভোগীদের নাম প্রকাশ করতে বাধ্য করা যাবে না বলেও কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।