কাশ্মিরে এক বছরে ৪৭ নিরাপত্তাকর্মীসহ ১৯০ জন নিহত: মুখ্যমন্ত্রী
-
মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গত এক বছরে বিভিন্ন ঘটনায় ৪৭ জন নিরাপত্তাকর্মীসহ ১৯০ জন নিহত হয়েছে। ২০১৫ সালের ১৫ জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত নিহতদের মধ্যে ১০৮ জন গেরিলা রয়েছে। এ সময় ৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে রাজধানী শ্রীনগরেরই রয়েছে সর্বাধিক ৩৩৭ জন।
সম্প্রতি কাশ্মির বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ন্যাশনাল কনফারেন্স নেতা এ এম সাগরের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
এ সময়ে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-পাকিস্তান জওয়ানদের মধ্যে ১৮১ টি গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। গুলির লড়াইয়ে ৮ নিরাপত্তাকর্মীসহ ২২ জন নিহত এবং ১৩ নিরাপত্তাকর্মীসহ ৭৫ জন আহত হয়। নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষ এবং গেরিলা হামলা মিলিয়ে এক বছরে নিরাপত্তাকর্মীসহ মোট ১৯০ জন নিহত হয়েছে।
গেরিলা হামলায় অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ান জেলায় সর্বাধিক ৫৪ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে ৩৪ জন গেরিলা এবং ১২ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান।
উত্তর কাশ্মিরের কুপওয়ারা জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে সর্বাধিক ৩৭ জন গেরিলা নিহত হয়েছে। পুলওয়ামা ও বারামুল্লায় এই মৃত্যুর সংখ্যা যথাক্রমে ১৮ এবং ১৬ জন।
এই সময়ের মধ্যে সন্ত্রাসবাদী হামলা ও সীমান্ত সংঘর্ষে নিহত এবং আহতদের পরিবারকে মোট ১৭.৫৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২০