মুর্শিদাবাদে তিনদিনের 'আশুরা ক্যাম্প': জাফরি ফেকাহ'র নানা বিষয়ে আলোচনা
বিশ্বনবী (সা.)-এর প্রিয় নাতি হযরত হুসাইন (আ.)-সহ তাঁর বিশ্বস্ত ৭২ জন সঙ্গীসহ কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হন।
এই শাহাদাতের কারণ কী ছিল? মক্কা বিজয়ের পরেও এই মর্মান্তিক ঘটনা কেন ঘটেছিল? এসব প্রশ্নের উত্তর ও তার কারণ সম্বন্ধে সচেতনতার উদ্দেশ্যে তিন দিনের 'আশুরা ক্যাম্প' অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের আমানিগঞ্জ কারবালায়।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শতাধিক নারী - পুরুষকে নিয়ে মুর্শিদাবাদ জেলার আমানিগঞ্জের কারবালায় এই ক্যাম্পের আয়োজন করে 'আহলে বাইত ও জেলা সফর কমিটি'৷
ক্যাম্পে আহলে বাইতের জাফরি ফেকাহ অনুসারে দ্বীনের আহকাম, যেমন ওজু, নামাজ, খুমস, রোজা প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷
১৪ থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত আশুরা ক্যাম্পে হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মেদিনীপুর, নদিয়া, কলকাতাসহ বিভিন্ন জেলার প্রায় একশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়াও কলকাতার নিউটাউন থেকে উপস্থিত ছিলেন বেশ কিছু সুন্নী মুসলমান; যারা শিয়া মুসলমানদের সম্পর্কে প্রচলিত ধারণা ও বহু অজানা বিষয় নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করেন।
এই সচেতনতা ক্যাম্পে উপস্থিত ছিলেন শিক্ষক, মসজিদের ইমাম, ইংলিশ মিডিয়ামের স্কুলের শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষ।
তিনদিনের 'আশুরা' ক্যাম্পকে বিভিন্ন বিভাগে সাজানো হয়েছিল। যেমন- শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও প্রশ্নোত্তর৷
ক্যাম্পে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মওলানা সৈয়দ হুসাইন খুরসিদ আবদি, মওলানা সৈয়দ এহসান নাকভী, মওলানা মুনির আব্বাস নাজাফি এবং সত্যের পথে পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ৷#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।