চরম অরাজকতা আপনার পরিবারের (বিজেপি) মধ্যে, সেটা আগে দেখুন: ধর্মেন্দ্রকে শশী
'দুর্নীতি নিয়ে বিজেপিরা কম কথা বলুন, আপনারা এতে যুক্ত রয়েছেন'
পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ডা. শশী পাঁজা বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে টার্গেট করে বলেছেন, দুর্নীতি নিয়ে আপনারা, বিজেপিরা একটু কম কথা বলুন, কারণ দুর্নীতিতে আপনারাই যুক্ত রয়েছেন।
তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন। নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল (বুধবার) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি’র দফতরে একটানা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। সেখান থেকে বেরিয়ে তিনি ইডির সমালোচনায় সোচ্চার হয়েছিলেন।
কেন্দ্রীয় এজেন্সিকে অভিষেকের সমালোচনার পাল্টা জবাবে আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘অভিষেক ব্যানার্জি বিচারক নন, আইন আইনের পথেই চলবে।’ শুধু এটুকু বলেই ক্ষান্ত হননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করে তিনি আর যা বলেছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে বিজেপি ও ধর্মেন্দ্র প্রধানকে পাল্টা সমালোচনা করে সুর চড়িয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেন, ‘অভিষেক ব্যানার্জি বিচারক নন। উনি বিচারক হওয়ার চেষ্টা যেন না করেন। আইন আইনের পথেই চলবে। অভিষেক ব্যানার্জি ভয় পাচ্ছেন কেন? এটা তো ‘ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি’র মতো একটা ব্যাপার। শুধু সারদা বা নারদাই দুর্নীতিই নয়, কয়লা থেকে গরু পাচার, এই বাংলায় সব কিছুই হয়। দুর্নীতিগ্রস্তরাই বাংলার সরকার চালাচ্ছে। আপনার বাড়িতে টাকার পাহাড় যদি পাওয়া যায়, এজেন্সি তো ব্যবস্থা নেবেই।’
এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ডা. শশী পাঁজা বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে টার্গেট করে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’, ‘ইডি’ যখন ডেকেছেন সেখানে গেছেন অভিষেক। ‘সিবিআই’, ‘ইডি’ এ পর্যন্ত তাকে স্পর্শ করতে পারেনি। গতকালও তাকে ৮ ঘণ্টা জেরা করলেও কিছু পাওয়া যায়নি। আপনি (ধর্মেন্দ্র প্রধান) দুর্নীতি নিয়ে বলবেন না। কারণ, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যিনি রাজ্যের বিরোধী দলনেতা তাকে ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। বিজেপি তখন এ সংক্রান্ত ভিডিও তাদের ওয়েবসাইটে আপলোড করেছিল। এখন বিজেপি ওয়াশিং মেশিনে শুভেন্দু অধিকারী চলে গেছে (বিজেপিতে যোগ দিয়েছেন) বলে আপনারা ভিডিওটা সরিয়ে নিয়েছেন। আমাদের প্রশ্ন হল এটাই- তখন আপনি দুর্নীতি দেখতে পাচ্ছেন না? সারদা, নারদা দুর্নীতিতে তার নাম রয়েছে। কিন্তু এটা নিয়ে আপনার কোনও বক্তব্য নেই? আপনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। আপনার প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারকে বাঁকুড়াতে একটি ক্লাবের মধ্যে বন্ধ করে রেখেছিল বিজেপি পরিবারের সদস্যরা। এটা নিয়ে আপনার কোনও বক্তব্য আছে? চরম অরাজকতা আপনার পরিবারের (বিজেপি) মধ্যে, সেটা আগে দেখুন। আর দুর্নীতি নিয়ে আপনারা, বিজেপিরা একটু কম কথা বলুন, কারণ দুর্নীতিতে আপনারাই যুক্ত রয়েছেন’ বলেও মন্তব্য করেন রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী ডা. শশী পাঁজা। #
পার্সটুডে/এমএএইচ/১৪