কাশ্মির ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সংলাপ শুরু করুন: মীরওয়াইজ ওমর
https://parstoday.ir/bn/news/india-i12934-কাশ্মির_ইস্যুতে_পাকিস্তানের_সঙ্গে_সংলাপ_শুরু_করুন_মীরওয়াইজ_ওমর
কাশ্মির ইস্যুতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখার অভিযোগ করল হুররিয়াত কনফারেন্স। শুক্রবার হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক এই অভিযোগ করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৬ ১০:৫০ Asia/Dhaka
  • মীরওয়াইজ ওমর ফারুক
    মীরওয়াইজ ওমর ফারুক

কাশ্মির ইস্যুতে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখার অভিযোগ করল হুররিয়াত কনফারেন্স। শুক্রবার হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক এই অভিযোগ করেন।

তিনি কেন্দ্রীয় সরকারকে ‘ঐতিহাসিক সত্য’ স্বীকার করে রাজ্যের মানুষ এবং পাকিস্তানের সঙ্গে এক অর্থপূর্ণ সংলাপ শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, আগামী ১ জুলাই ‘জামাতুল বিদা’ উপলক্ষে কাশ্মিরি নেতাদের পক্ষ থেকে কাশ্মির ইস্যু নিয়ে ‘যৌথ রেজুলেশন’ ঘোষণা করা হবে। এই প্রস্তাব অনুমোদনের জন্য জনগণের সামনে সমস্ত মসজিদসহ অন্যান্য উপাসনালয়ে উপস্থাপন করা হবে।

শ্রীনগর জামে মসজিদে জুম্মা নামাজ আদায়ের পর এক বক্তব্যে মীরওয়াইজ ওমর ফারুক সম্প্রতি জম্মুতে দেয়া কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমনের বক্তব্য তুলে ধরেন যাতে তিনি বলেছিলেন, রাজ্যের মানুষদের কাশ্মির সমস্যা সমাধানে কোনো ভূমিকা নেই। এর ফলে এই বিষয়ে তার অজ্ঞতাই প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন ওমর ফারুক।

দিল্লিতে পাকিস্তান দূতাবাস আয়োজিত ইফতার পার্টিতে হুররিয়াতকে আমন্ত্রণ করায় যারা শোরগোল করছেন। সে প্রসঙ্গে মীর ওয়াইজ বলেন, একটি সামাজিক অনুষ্ঠানে এ ধরণের সাধারণ আমন্ত্রণকে কেন্দ্র করে যারা বিতর্ক তৈরি করছে তাদের মানসিক দেউলিয়াপনাই প্রকাশ পেয়েছে।

কাশ্মিরি জনতার সমষ্টিগত স্বার্থে কোনো ক্ষতিকর নীতি নিয়ে হুররিয়াত নেতৃত্ব চুপ করে থাকবে না বলেও তিনি ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫