মধ্য প্রদেশ নির্বাচনে ৪৭২ প্রার্থী ‘দাগী’, বিজেপির নেতার বিরুদ্ধে ১৭৫টি মামলা!
https://parstoday.ir/bn/news/india-i130774-মধ্য_প্রদেশ_নির্বাচনে_৪৭২_প্রার্থী_দাগী’_বিজেপির_নেতার_বিরুদ্ধে_১৭৫টি_মামলা!
ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০২৩ ১৫:০৪ Asia/Dhaka
  • মধ্য প্রদেশ নির্বাচনে ৪৭২ প্রার্থী ‘দাগী’, বিজেপির নেতার বিরুদ্ধে ১৭৫টি মামলা!

ভারতে বিজেপিশাসিত মধ্য প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

এডিআর’ রিপোর্টে প্রকাশ- ২০২৩ সালের মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে মোট ২ হাজার ৫৩৪ জন প্রার্থীর মধ্যে ৪৭২ (১৯ শতাংশ) জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রাজ্যটিতে আগামী ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 

‘এডিআর’-এর তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেওয়া হলফনামায় নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন এমন প্রার্থীর সংখ্যা ২৯১ (১১ শতাংশ। এই তালিকার শীর্ষে রয়েছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাটওয়া, যার বিরুদ্ধে ১৭৫টি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে!

ভারত আদিবাসী পার্টির প্রার্থী কমলেশ্বর দোদিয়ার, যার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে। কংগ্রেস প্রার্থী পিসি শর্মার (প্রকাশ মাঙ্গিলাল শর্মা) বিরুদ্ধে ১৪টি ফৌজদারি মামলা রয়েছে। আরেক কংগ্রেস প্রার্থী সুনীল শর্মা তার হলফনামায় বলেছেন যে তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে।  

বিজেপি প্রার্থী বিসাহু লাল সিং তার হলফনামায় বলেছেন, তার বিরুদ্ধে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। ‘এডিআর’ তার বিশ্লেষণে বলেছে, ২৩০ জন কংগ্রেস প্রার্থীর মধ্যে ১২১ জন (৫৩ শতাংশ) তাদের হলফনামায় নথিভুক্ত ফৌজদারি মামলা উল্লেখ করেছেন। যেখানে ৬১ জন (২৭ শতাংশ) স্বীকার করেছেন যে তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে।

অন্যদিকে, হিন্দুত্ববাদী বিজেপির ২৩০ জন প্রার্থীর মধ্যে ৬৫ জন (২৮ শতাংশ) নিজেরাই তাদের বিরুদ্ধে নথিভুক্ত ফৌজদারি মামলা স্বীকার করেছেন। যেখানে ২৩ জন (১০ শতাংশ) তাদের বিরুদ্ধে নথিভুক্ত গুরুতর ফৌজদারি মামলার তথ্য দিয়েছেন। ‘এডিআর’ বলেছে, ৬৬ জন ‘আপ’ প্রার্থীর মধ্যে ২৬(৩৯ শতাংশ)   নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা ঘোষণা করেছেন, যেখানে ১৮(২৭ শতাংশ) তাদের হলফনামায় গুরুতর ফৌজদারি মামলার উল্লেখ করেছেন।  

১৮১ জন ‘বিএসপি’ প্রার্থীর মধ্যে ১৬ (৯ শতাংশ) অপরাধমূলক রেকর্ড ঘোষণা করেছেন, যখন ১৬(৯ শতাংশ) তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৪ জন প্রার্থী বলেছেন, তাদের বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে ১ জন প্রার্থী ‘আইপিসি’র ৩৭৬ ধারায় ধর্ষণ সংক্রান্ত একটি মামলা নথিভুক্তর কথা উল্লেখ করেছেন। এছাড়াও ১০ জন প্রার্থী হত্যা সংক্রান্ত মামলা (আইপিসি ধারা ৩০২) ঘোষণা করেছেন এবং ১৭ জন প্রার্থী তাদের হলফনামায় হত্যার চেষ্টা সংক্রান্ত মামলার (আইপিসি ধারা ৩০৭) কথা ঘোষণা করেছেন।#    

পার্সটুডে/এমএএইচ/এমবিএ১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।