মহুয়া মৈত্রের এমপি পদ বাতিল হওয়াসহ জেলে যাওয়া উচিত: শুভেন্দু অধিকারী
-
শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের এমপি পদ বাতিল করাসহ তার জেলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ- ‘মহুয়া মৈত্র ভারতবর্ষের সংসদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করে পাসওয়ার্ড বিদেশে দিয়েছেন। দুবাই ছিল মহুয়া মৈত্রের সেন্টার। জাতীয়তা বিরোধী কাজকর্মের জন্য মহুয়া মৈত্রের শুধু এমপি পদ বাতিল নয়, আগামী পাঁচটা নির্বাচন যাতে না দাঁড়াতে পারে তার ব্যবস্থা হওয়া উচিত এবং জেলে যাওয়া উচিত।’
অন্যদিকে, আজ বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ এক সমাবেশে তৃণমূল এমপি মহুয়া মৈত্রকে কটাক্ষ করে বলেছেন, ‘ছবি দেখুন আপনারা। চশমার দাম জানেন? দু’লাখ টাকার গগলস! ভ্যানিটি ব্যাগের দাম এক লাখ টাকা! ঘড়ির দাম তিন লাখ! শুনেছেন কোনও দিন? সব গিফ্ট নিয়েছেন। দিল্লিতে যে কোয়ার্টারে থাকেন, তার আধুনিকীকরণ হয়েছে কোটি কোটি টাকায়। এর বিনিময়ে দেশের সুরক্ষা বেচে দিয়েছেন বিদেশের মাটিতে। তার পাপের ঘড়া ভরে গেছে। সিবিআই তদন্ত হচ্ছে। মেম্বারশিপও (এমপি পদ) যেতে পারে। এই ধরণের জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে পাঠিয়েছেন বাঙালির নাক-কান কাটার জন্য।’
অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষের এ ধরণের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি বলেন, ‘দিলীপ ঘোষ নারীবিদ্বেষী। বিজেপি দলটাই নারীদের সম্মান করে না। তাদের কাছ থেকে এমন মন্তব্যই স্বাভাবিক।’ প্রসঙ্গত, টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করা এবং লোকসভার পোর্টালে প্রবেশের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সংসদের নিম্নকক্ষ লোকসভার সদস্য।
তৃনমূলের পক্ষ থেকে ওই ঘটনাকে বিজেপি তাদের দলকে হেনস্থা করতে চাচ্ছে বলে মন্তব্য করা হয়েছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এর আগেও বিজেপি বাংলায় তৃণমূলের বিরুদ্ধে এধরণের ষড়যন্ত্র করেছে। কিন্তু সফল হয়নি। এবারও সফল হবে না। আসলে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে না পেরে বিজেপি তৃণমূলের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু এভাবে তৃণমূলকে দমানো যাবে না।#
পার্সটুডে/এমএএইচ/এমএএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।