অসমে মুসলিমদের অর্থ-রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা মুখ্যমন্ত্রীর: করিমউদ্দিন বড়ভুঁইয়া
https://parstoday.ir/bn/news/india-i131608-অসমে_মুসলিমদের_অর্থ_রাজনৈতিক_অধিকার_থেকে_বঞ্চিত_করার_চেষ্টা_মুখ্যমন্ত্রীর_করিমউদ্দিন_বড়ভুঁইয়া
অসমে এআইইউডিএফ বিধায়ক ও দলটির সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুঁইয়া মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি মুসলিমদের অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১৪:৪৪ Asia/Dhaka
  • করিমউদ্দিন বড়ভুঁইয়া
    করিমউদ্দিন বড়ভুঁইয়া

অসমে এআইইউডিএফ বিধায়ক ও দলটির সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুঁইয়া মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তিনি মুসলিমদের অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি বঙাইগাঁওতে দলীয় কর্মীসভায় বক্তব্য রাখার সময়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া বলেন, রাজ্যের মুসলিম সম্প্রদায়কে অর্থনৈতিক, রাজনৈতিক ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। একটা জাতির মেরুদণ্ড ভেঙে দিতে সব চেষ্টাই করছেন তিনি। 

শুক্রবার এআইইউডিএফ নেতা করিমউদ্দিন বড়ভুঁইয়া বলেন, ডিলিমিটেশন, এনআরআইদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ এনে মুসলিম শিক্ষার্থীদের বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। এসবের জবাব দিতে হবে আগামী লোকসভা নির্বাচনে। সেজন্য যেসব জায়গায় এআইইউডিএফ প্রার্থী থাকবে না সেখানে বিজেপি বিরোধী 'ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স' বা ‘I.N.D.I.A’ জোটকে সমর্থন জানাতে হবে সংখ্যালঘুদের। 

প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র তিনটি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে এআইইউডিএফ। বিজেপিকে আটকাতে তারা ওই কৌশল নিয়েছে বলে জানা গেছে। রাজ্যটিতে মোট ১৪টি লোকসভার আসন রয়েছে। এআইইউডিএফ নেতা করিমউদ্দিন বড়ভুঁইয়া দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, যেসব লোকসভা আসনে  এআইইউডিএফ প্রার্থী থাকবে না, সেসব আসনে দলীয় কর্মী-সমর্থকরা যেন ‘I.N.D.I.A’ জোটের প্রার্থীকে সমর্থন জানান। এক্ষেত্রে জোট নেতৃত্ব যদি এআইইউডিএফ কর্মী-সমর্থকদের আহ্বান না-ও জানিয়ে থাকেন, তারপরেও দলীয় সমর্থকরা যেন জোট প্রার্থীকেই সমর্থন জানান। কারণ, বিজেপিকে আটকানো-ই এআইইউডিএফ-এর একমাত্র লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভুঁইয়া।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।