সংসদে নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাসহ ৩ দফা দাবি তৃণমূলের
ভারতীয় সংসদে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির অভিযোগে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফাসহ ৩ দফা দাবি জানিয়েছে। আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ ওই দাবি জানান।
গত (বুধবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় দর্শক আসন থেকে আচমকা ঝাপ দেন দুই যুবক। এরপর তারা একের পর এক বেঞ্চ টপকে স্পিকারের দিকে এগোনোর চেষ্টা করেন এবং স্প্রেয়ারের সাহায্যে তাদের জুতোর মধ্যে থাকা হলুদ ধোঁয়া ছড়িয়ে দেন। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। বিরোধীরা এ ব্যাপারে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হয়েছে।
এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আমাদের স্পষ্ট বক্তব্য তিনটে। প্রথমত, যে (বিজেপি) এমপি অভিযুক্তদের সংসদে ঢোকার পাস দিয়েছিলেন, তাকে সংসদ থেকে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার জন্য মন্ত্রীকে ইস্তফা দিতে হবে। এবং তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে সংসদে উপস্থিত হয়ে ওই বিষয়ে বিবৃতি দিতে হবে।’
তৃণমূল নেতা কুণাল ঘোষ আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্মসংস্থানের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে বলেন, ‘মোদীর ১০ বছর হচ্ছে। ২০১৪ সালে ক্ষমতায় এসেছেন। উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, বছরে দু’কোটি বেকারের চাকরি দেবেন। তাহলে দশ বছরে ২০ কোটি বেকারের চাকরি হয়। কিন্তু ২০ কোটি তো চাকরি হয়নি, বরং যেভাবে শিল্প ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কর্মহীনতা, কর্মচ্যুতি, কর্মসঙ্কোচন নেমে এসেছে তাতে আরও ১০ কোটি বেকার ওনারা বাড়িয়ে দিয়েছেন! ফলে এই ৩০ কোটি বেকারের অভিশাপ চাপিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর সরকার’ বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।