মন্দির ইস্যুতে বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের মন্তব্যের তীব্র বিরোধিতায় সোচ্চার বিজেপি
উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ইস্যুতে হিন্দুত্ববাদী বিজেপির ব্যাপক তৎপরতার মধ্যে বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদবের দেওয়া বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ।
একদিকে, হিন্দুত্ববাদী বিজেপি তার বক্তব্যে আপত্তি তুলেছে, অন্যদিকে তেজস্বীর বক্তব্যকে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব গতকাল বুধবার মধুবনীতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ক্ষুধা লাগলে কী মন্দিরে যাবেন? সেখানে কী খাবার পাওয়া যাবে? অসুস্থ হলে আপনারা কী হাসপাতালে যাবেন, না কি মন্দিরে যাবেন? আঘাত পেলে মন্দিরে গিয়ে পণ্ডিতকে দেখাবেন নাকি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাবেন?
তিনি এ সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে তাকে মিথ্যে বলার কারখানা, মিথ্যে বলার নির্মাতা, মিথ্যে বলার পাইকার, মিথ্যে বলার পরিবেশক ইত্যাদি মন্তব্যের মধ্য দিয়ে তীব্র কটাক্ষ করেন।
আজ (বৃহস্পতিবার) বিজেপি নেতা ও বিহারের সাবেক উপ-মুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ বলেছেন, তেজস্বী যাদবসহ বিজেপি বিরোধী ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A) জোটের সমস্ত নেতাদের মধ্যে হিন্দু বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিযোগিতা চলছে। তেজস্বীর বক্তব্য হাস্যকর। উনি সনাতনকে অপমান করছেন। জনগণ উচিত শিক্ষা দেবে। তেজস্বী যতই ক্ষুধা, খাবার এবং হাসপাতালের কথা বলেন, আমি বলতে চাই যে করোনার সময় থেকে প্রধানমন্ত্রী মোদী গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিয়ে আসছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে দরিদ্ররা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা পাচ্ছেন।
বিজেপি নেতা তারকিশোর প্রসাদ আরও বলেন, তেজস্বী যাদব নিজেই বিহারের স্বাস্থ্যমন্ত্রী এবং এখানকার সরকারি হাসপাতালের অবস্থা সম্পর্কে আমাদের কিছু বলার দরকার নেই। বিজেপি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে রাজনীতি করছে না। এটা ধর্ম ও বিশ্বাসের বিষয়। কবে থেকে তেজস্বী-লালু গরিবের শুভাকাঙ্খী হলেন? লালু প্রসাদ যাদব (তেজস্বীর বাবা) যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তিনি গরিবদের চাকরি না দিয়ে জমি দখল করছেন।
এদিকে, তেজস্বীর বক্তব্যকে সমর্থন করে ‘জেডিইউ’-এর মুখপাত্র নীরজ কুমার বলেছেন, রাম মন্দির বিজেপির রাজনৈতিক অনুগ্রহে তৈরি হয়নি, সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। কেন কৃতিত্ব নিচ্ছে বিজেপি? তেজস্বীর ভাষার দিকে তাকাবেন না। তেজস্বী তার অনুভূতি প্রকাশ করেছেন বলেও মন্তব্য করেছেন নীরজ কুমার। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।