কাশ্মিরে সহিংসতা নিয়ে নওয়াজ শরীফের মন্তব্যে ক্ষুব্ধ ভারত
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ- ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু
জম্মু-কাশ্মিরে চলমান সহিংসতাকে কেন্দ্র করে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের এক বিবৃতির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
আজ (সোমবার) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নওয়াজ শরিফের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজাদ কাশ্মির আন্দোলনের নেতা বুরহান ওয়ানির মৃত্যুতে গভীর আঘাত পেয়েছেন পাক প্রধানমন্ত্রী। একা বুরহান নয়, ভারতীয় সেনাবাহিনী ও আধাসেনার বুলেটের শিকার হচ্ছেন কাশ্মিরের সাধারণ মানুষ। এমনকী, বুরহানের দাফনে যোগ দিতে আসা বহু মানুষের ওপরেও বলপ্রয়োগ করছে ভারতীয় সেনা৷ এভাবে কাশ্মীরের মানুষের দাবিকে চেপে রাখা যাবে না৷’
আজাদ কাশ্মিরের দাবিকে বন্দুকের নলের মুখে দমিয়ে রেখে ভারত জাতিসংঘের মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেছেন নওয়াজ শরীফ।
এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘জম্মু-কাশ্মিরে যা হচ্ছে তা আমাদের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান অহেতুক এতে যেন হস্তক্ষেপ না করে। যদি কিছু করতে হয় তাহলে তারা পাক অধিকৃত কাশ্মিরের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মনোযোগ দিক।’
প্রসঙ্গত, কাশ্মিরে সহিংসতা নিয়ে রোববার পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এক বিবৃতিতে বলেন, ‘যখন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ঈদ পালন করছে, তখন ভারতীয় সেনাবাহিনীর জন্য কাশ্মিরের মানুষকে দমবন্ধ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে।’ নরেন্দ্র মোদিকে বন্ধুত্বের সার্টিফিকেট দিয়ে নওয়াজ় শরিফ দেশের পররাষ্ট্রনীতির ক্ষতি করেছেন বলেও মন্তব্য করেন বিলাওয়াল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১