কাশ্মির পরিস্থিতি নিয়ে মোদির উদ্বেগ, উচ্চস্তরের বৈঠকে শান্তি বজায় রাখার আহ্বান
https://parstoday.ir/bn/news/india-i14335-কাশ্মির_পরিস্থিতি_নিয়ে_মোদির_উদ্বেগ_উচ্চস্তরের_বৈঠকে_শান্তি_বজায়_রাখার_আহ্বান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যটিতে শান্তি বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি রাজ্য সরকারকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অসুবিধায় না পড়েন তাও দেখতে বলেছেন প্রধানমন্ত্রী মোদি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৬ ১৩:২৭ Asia/Dhaka
  • কাশ্মির পরিস্থিতি নিয়ে মোদির উদ্বেগ, উচ্চস্তরের বৈঠকে শান্তি বজায় রাখার আহ্বান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যটিতে শান্তি বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি রাজ্য সরকারকে সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অসুবিধায় না পড়েন তাও দেখতে বলেছেন প্রধানমন্ত্রী মোদি।

অন্যদিকে, কাশ্মির উপত্যকায় অশান্তির জেরে আসন্ন আমেরিকা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আগামী ১৭ জুলাই তার আমেরিকা সফর নির্ধারিত ছিল।

আজ (মঙ্গলবার) কাশ্মির পরিস্থিতি নিয়ে নয়াদিল্লীতে প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চস্তরের বৈঠক অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টা ধরে চলা গুরুত্বপূর্ণ ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার, অর্থমন্ত্রী অরুণ জেটলি, পররাষ্ট্র মন্তী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত থেকে কাশ্মির পরিস্থিতি পর্যালোচনা করেন।

কাশ্মির পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় গতকালই প্রধানমন্ত্রী মোদির আফ্রিকা সফর সঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেশে ফিরে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকার, অর্থমন্ত্রী অরুণ জেটলি, এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এদিকে, আজ কাশ্মির পরিস্থিতি নিয়ে উচ্চস্তরের বৈঠকে পিডিপি-বিজেপি শাসিত রাজ্য সরকারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। ওই বৈঠকে জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি শামিল না হওয়ায় তিনি বলেন, যখন এত গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, তাহলে সেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত নেই কেন? কমপক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শামিল হতে পারতেন।

ওমর বলেন, আমার মনে হয় রাজ্য ছেড়ে মুখ্যমন্ত্রী ওই বৈঠকে যেতে পারবেন না। কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন এটা করা হল না? তিনি রাজ্য সরকার অনুপস্থিত বলেও মন্তব্য করেন।

গত শুক্রবার রাতে জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গেরিলাদের সংঘর্ষে স্থানীয় হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে গোটা রাজ্য বিক্ষোভে ফেটে পড়েছে। পরস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত চার দিনে ৩২ জন নিহত হয়েছে। এ পর্যন্ত ৫০০ টি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮০০ জন আহত হয়েছে। গোটা কাশ্মির উপত্যাকায় ১০ টি জেলায় কারফিউ চলার পাশাপাশি মোবাইল ইন্টারনেটে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১২