‘গুজরাট মডেল’ থেকে কাশ্মিরের মানুষকে রক্ষা করতে হবে: গুলাম নবী আজাদ
-
কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ।
‘জম্মু-কাশ্মিরে যা কিছু হচ্ছে তা গুজরাট মডেল, মানুষকে এ থেকে রক্ষা করা প্রয়োজন।’ এ ভাবেই রাজ্যটিতে চলমান সহিংসতা নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমালোচনা করেছেন কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ।
বৃহস্পতিবার তিনি বলেন, ‘বিজেপি কেন্দ্রে এবং রাজ্যে দুই জায়গাতেই ক্ষমতাসীন রয়েছে, এজন্য হিজবুল মুজাহিদিন সন্ত্রাসী বুরহান ওয়ানি সংঘর্ষে নিহত হওয়ার পর কাশ্মিরে হওয়া বিক্ষোভের সময় অত্যাধিক বল প্রয়োগের দায়ভার তাদের নেয়া উচিত। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে বেসামরিক মানুষদের উপরে মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করার জন্য জবাবদিহি করতে হবে এবং কেন্দ্রীয় সরকারকেও এর দায় নিতে হবে। ’ তিনি বলেন, জম্মু-কাশ্মিরে যা হচ্ছে তা ‘গুজরাট মডেল’, সৃষ্টিকর্তা আমাদের ওই মডেল থেকে রক্ষা করুন।
আজাদ বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে সাধারণ মানুষ এবং সন্ত্রাসীদের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যদি তারা বেসামরিক বৃদ্ধ, শিশু, যুবক এবং নারীদের বিরুদ্ধে একই ধরণের বলপ্রয়োগ করে যেরকম তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, আমি মনে করি তা ভুল।’
তিনি বলেন, ১৬০০ ব্যক্তি আহত হয়েছে এদের মধ্যে ৬০০/৭০০ গুলিতে আহত হয়েছে, এটা অত্যন্ত মারাত্মক। তিনি আরো মৃত্যু এড়াতে আহতদের বিমানযোগে দিল্লিতে এনে চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন।
গুলাম নবী আজাদ বলেন, ‘বিজেপি আঞ্চলিক রাজনৈতিক দলের উপরে চাপ সৃষ্টি করে এবং তাদের ব্ল্যাকমেল করে তাদের সঙ্গে সরকার তৈরি করেছে, অন্যথায় কেন্দ্রীয় সরকার থেকে অর্থ মিলবে না বলে জানিয়েছে।’ তিনি বলেন, ‘আজ বিজেপি তাদের ভুল নীতির কারণেই কাশ্মিরকে সেই পরিস্থিতির মধ্যে নিয়ে গেছে যেরকম ১৯৯০ সালের সময় ছিল।’
কংগ্রেসের ওই সিনিয়র নেতা কাশ্মির সঙ্কটকে বৃদ্ধি করা এবং পার্টিশানের পর থেকে রাজ্যটিতে ধ্বংসযজ্ঞের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি অবশ্য বলেন, ‘যদি মোদি সরকার কাশ্মির সমস্যা সমাধান করতে চায় তাহলে পাকিস্তানের সঙ্গে কথা বলা প্রয়োজন।’
গুলাম নবী আজাদ গত বুধবার কাশ্মিরে চলমান সহিংসতা সম্পর্কে বলেছিলেন, এটা আরএসএসের এজেন্ডার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া যা চাপিয়ে দেয়া হচ্ছে।’
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫