‘জম্মু-কাশ্মিরে কার্যত মার্শাল ল’ চলছে’, গভর্নরের শাসন জারির দাবি সুপ্রিম কোর্টে
https://parstoday.ir/bn/news/india-i15358-জম্মু_কাশ্মিরে_কার্যত_মার্শাল_ল’_চলছে’_গভর্নরের_শাসন_জারির_দাবি_সুপ্রিম_কোর্টে
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গভর্নরের শাসন জারি করার দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। জম্মু-কাশ্মির প্যান্থারস পার্টির পক্ষ থেকে দায়ের করা ওই আবেদনটি আগামী সপ্তাহে শুনানির জন্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস ঠাকুরের সমন্বিত একটি বেঞ্চ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৬ ০৬:২৮ Asia/Dhaka

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে গভর্নরের শাসন জারি করার দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। জম্মু-কাশ্মির প্যান্থারস পার্টির পক্ষ থেকে দায়ের করা ওই আবেদনটি আগামী সপ্তাহে শুনানির জন্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস ঠাকুরের সমন্বিত একটি বেঞ্চ।

শুক্রবার সুপ্রিম কোর্টের ওই আবেদনে বলা হয়েছে, “জম্মু-কাশ্মিরে গত দুই সপ্তাহ ধরে বন্দুকের শাসন চলছে। মানুষজন বাড়ির বাইরে বেরোতে পারছে না। রাজ্যে কার্যত মার্শাল ল’ চলছে। লোকজন কারাগারে থাকা বন্দীদের থেকেও খারাপ অবস্থায় বাস করছে। তাদের কাছে খাবার, পানি এমনকি ওষুধ পর্যন্ত নেই। রাজ্যে নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।”

Image Caption

আদালতে দাখিল করা ওই আবেদনে আরো বলা হয়েছে, “জম্মু-কাশ্মিরের গভর্নরকে নির্দেশ দেয়া হোক তিনি যেন সংবিধানের ৯২ ধারা অনুযায়ী সমস্ত প্রশাসনিক কাজকর্ম নিজের অধীনে নিয়ে আসেন যাতে রাজ্যে নিরাপত্তা বহাল হয় এবং জনগণের মৌলিক অধিকার রক্ষা হয়। গভর্নরকে বিধানসভা ভেঙে দেয়ার নির্দেশ দেয়া হোক, কারণ বর্তমান পরিস্থিতিতে তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”

শুক্রবার আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “আপনারা সংবিধানের ৯২ ধারার কথা বলছেন কিন্তু এই ক্ষমতা গভর্নরের কাছে রয়েছে, আমাদের কাছে নয়। আমরা গভর্নর এবং তার ক্ষমতাকে নির্দেশ করতে পারি না। আপনারা জম্মু-কাশ্মির হাইকোর্টে যাচ্ছেন না কেন, তারা সেখানকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত রয়েছে। সেখানে এই বিষয়ের শুনানির জন্য আবেদন জানান।” যদিও পরবর্তীতে আদালত আবেদনকারীর অনুরোধ গ্রহণ করতে রাজি হয়। আগামী সপ্তাহে এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩