ইসরাইলের মতো জালিমও ‘পেলেট গান’ ব্যবহার করে না: মাওলানা কালবে সাদিক
-
ড. মাওলানা কালবে সাদিক
ভারতের প্রখ্যাত শিয়া আলেম ড. মাওলানা কালবে সাদিক বলেছেন, “আমি কাশ্মিরে ‘পেলেট গান’ ব্যবহার করার ঘোর বিরোধী। ইসরাইলের মতো জালিমও এটি ব্যবহার করে না।” তিনি ‘কাশ্মিরের যুবকদের কথা শোনা প্রয়োজন’ বলেও মন্তব্য করেন।
রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় এলাকা বারাণসীতে ব্যক্তিগত সফরে গিয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মাওলানা কালবে সাদিক। কাশ্মির সম্পর্কে তিনি বলেন, ‘সেখানকার মানুষজনের শিক্ষার অভাব রয়েছে। শিক্ষার ঘাটতির জন্য তারা ভুল প্রভাবে চলে আসছে।’
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ ইসলামী চিন্তাবিদ পাকিস্তানকে একটি ‘ডুবন্ত নৌকা’ বলে অভিহিত করেন। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা পাকিস্তানের নাম পরিবর্তন করে পাপিস্তান করে দিয়েছি।’
উত্তর প্রদেশে বিজেপি এবং বিএসপি’র নেতাদের মধ্যে গালাগালি প্রসঙ্গে মাওলানা কালবে সাদিক বলেন, ‘গভর্নর যা বলেছেন, সঠিক বলেছেন। এর ফলে আমাদের দেশের বদনাম হচ্ছে। আমরা সব দলকে বলতে চাই পরস্পর পরস্পরকে সম্মান করুন।’
দেশবাসীর উদ্দেশ্যে এক আবেদনে তিনি বলেন, একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকলে কারো সহস হবে না যে আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাবে।
সন্ত্রাসী সংগঠন আইএসআইএলে যুবকদের যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব কাজ তারাই করে যারা ইসলামকে জানে না। আবেগের বশে তাদের খপ্পরে পড়া উচিত নয়, কারণ ইসলাম এর অনুমোদন নেই।’
জাকির নায়েক প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে তার বক্তব্য এবং কথার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’ যদি তিনি দোষী হন তাহলে কঠোর শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন মাওলানা কালবে সাদিক।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫