‘আইএসআইএল ইস্যুতে সরকার এবং পুলিশ মুসলিমদের মধ্যে ভয় সৃষ্টি করছে’
-
আবু অসীম অজমী (সমাজবাদী পার্টির নেতা)
ভারতের মহারাষ্ট্র সরকার এবং পুলিশ আইএসআইএল ইস্যুতে মুসলিমদের মধ্যে ভয় সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন সমাজবাদী পার্টির নেতা আবু আসীম আজমী।
সোমবার তিনি বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, ‘সরকার এবং পুলিশ মুসলিমদের মধ্যে ভয় ছড়াতে আইএসআইএল ইস্যু অপব্যবহার করছে।’
মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক রাহুল পাটিল সম্প্রতি দাবি করেছেন, মহারাষ্ট্র থেকে ১০০ মুসলিম যুবক নিখোঁজ হয়েছে এবং আইএসআইএলের সঙ্গে তাদের সংযোগ রয়েছে। এ ব্যাপারে এটিএস প্রধানও বিষয়টি নিশ্চিত করেছেন বলে তার দাবি। এ নিয়ে আবু আসীম আজমী বলেন, ‘ওই দাবি নিয়ে তদন্ত হওয়া উচিত।’
সমাজবাদী পার্টির বিধায়করা বিধানসভায় ওই ইস্যুটি তোলার চেষ্টা করলেও স্পিকার তাদের অনুমতি দেননি। বিধানসভা চত্বরে সমাজবাদী পার্টি নেতা আবু আসীম আজমি প্রশ্ন তুলে বলেন, ‘ওই সব তরুণদের কারো পরিবারের পক্ষ থেকে কি নিখোঁজ সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করানো হয়েছে?’ তিনি বলেন, ‘আমি এটা বলতে চাচ্ছি না যে ওই ১০০ যুবক নিখোঁজ হয়নি। কিন্তু তাদের প্রত্যেককে আইএসআইএলের সঙ্গে যুক্ত করে দেখা উচিত নয়।’
আজমী বলেন, ‘শিবসেনা নেতা রাজ্যকে বিভ্রান্ত করছেন। মারাঠাওয়াড়াতে আইএসআইএলের নামে মুসলিমদের হয়রানি করা হচ্ছে। যে ১০০ যুবকের আইএসআইএলের সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে তারা কারা? এদের ঠিকানাই বা কোথায়? মিথ্যা অভিযোগে মুসলিম তরুণদের ফাঁসানোর ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আরএসএস, বজরং দল, শিবসেনা এবং বিজেপি দেশে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে।’
ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ করার জন্য শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে আবু আসীম আজমী বলেন, ‘উদ্ধবের বাবার ওই স্বপ্নকে পূর্ণ করা হবে না।’
ভারতে আইএসআইএলের হুমকি সংক্রান্ত রিপোর্ট প্রসঙ্গে রোববার উদ্ধব ঠাকরে মন্তব্য করেন ‘আমাদের কাছে ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণা করা ছাড়া কোনো বিকল্প নেই।’ কট্টর মুসলিম বিরোধী প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব কেশব ঠাকরেও ‘সেক্যুলার’ ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন দেখতেন। তার সে ইচ্ছা পূর্ণ না হলেও এবার বাবার পথ ধরেই নতুন করে ‘হিন্দু রাষ্ট্র’র জিগির তুলেছেন উদ্ধব ঠাকরে।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৬