কাশ্মিরে ৫ আগস্ট পর্যন্ত বনধের ডাক, ক্ষোভের মুখে মেহবুবা মুফতি
https://parstoday.ir/bn/news/india-i16123-কাশ্মিরে_৫_আগস্ট_পর্যন্ত_বনধের_ডাক_ক্ষোভের_মুখে_মেহবুবা_মুফতি
জম্মু-কাশ্মিরে চলমান পরিস্থিতিতে বনধের মেয়াদ ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কাশ্মিরে আন্দোলনকারী নেতারা বনধের মেয়াদ বৃদ্ধি করায় এবং সেখানে কারফিউসহ অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০১, ২০১৬ ১০:০৩ Asia/Dhaka
  • কাশ্মিরে কারফিউ
    কাশ্মিরে কারফিউ

জম্মু-কাশ্মিরে চলমান পরিস্থিতিতে বনধের মেয়াদ ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কাশ্মিরে আন্দোলনকারী নেতারা বনধের মেয়াদ বৃদ্ধি করায় এবং সেখানে কারফিউসহ অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।  

আজ (সোমবার) অনন্তনাগ জেলায় কাজিগান্দ এলাকায় শ্রীনগর-জম্মু মহাসড়কে সিআরপিএফ জওয়ান এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা বলছেন, মুস্তাক আহমেদ শাহ নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি পেলেটগানের ছররা গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ৩ সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। আহতদের সকলকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।  

রাজ্যটিতে কারফিউ এবং বনধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা আজ (সোমবার) ২৪তম দিনে পৌঁছেছে। আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ান জেলার একাংশে কারফিউ চলছে। অন্যদিকে, শ্রীনগর, বাডগাম, কুপওয়াড়া এবং বারামুল্লা জেলায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। আইনশৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।

হুররিয়াত নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসীন মালিক চলতি মাসের শুরু থেকে ৫ দিন ধরে যৌথ আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছেন।

গণমাধ্যমে প্রকাশ, কাশ্মিরি নেতারা বিশেষ করে যুবকদের প্রতি সড়ক, প্রাচীর এবং দোকানের সাটারে আজাদির সমর্থনে স্লোগান লিখে নিজেদের অনুভুতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার এতদিন পরেও মানুষজন এখনো এতটাই ক্ষুব্ধ যে, গতকালই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শ্রীনগরের একটি মহিলা কলেজে পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এদিন প্রি-মেডিকেল এবং প্রি-ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা ছিল। বনধ এবং সহিংস পরিবেশের মধ্যে পরীক্ষায় বসতে হওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা মেহেবুবাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।

অন্যদিকে, কাশ্মিরে চলমান সহিংসতায় এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার পুলওয়ামা জেলার কারিমাবাদ কবরস্থানে কমপক্ষে ৭০ হাজার মানুষ জড়ো হয়। এ উপলক্ষে এক সমাবেশে প্রতিবাদকারীরা পাকিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখায়।  

এদিকে, গতকালই ন্যাশনাল কনফারেন্স ছেড়ে কাশ্মিরি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ইফতিকার মিসগার। তিনি মেহবুবা মুফতির বিরুদ্ধে সাম্প্রতিক উপনির্বাচনে লড়াই করেছিলেন। একটি সূত্রে প্রকাশ, ইফতিকার মিসগারকে সেখানকার আন্দোলনরত মানুষজন স্থানীয় একটি মসজিদে নিয়ে যায় এবং তাকে আজাদির সমর্থনে স্লোগান দিতে বলা হয়। তাকে মূলধারার রাজনীতি ছেড়ে দেয়ার জন্য বলা হলে তিনি ন্যাশনাল কনফারেন্স থেকে ইস্তফা দেয়ার ঘোষণা দেয়ার পাশাপাশি প্রতিরোধ আন্দোলনে শামিল হওয়ার কথা জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১