জম্মু-কাশ্মিরে সংঘর্ষে ৩ বিএসএফ জওয়ান ও ১ গেরিলা নিহত
জম্মু-কাশ্মিরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ১ কর্মকর্তাসহ ৩ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ান নিহত হয়েছে। বিএসএফের পাল্টা হামলায় এক গেরিলাও নিহত হয়েছে।নিহতরা হলেন, সাব ইনস্পেক্টর মোহিন্দর যাদব, হেড কনস্টেবল সি পি সিং এবং কনস্টেবল বাবু শান।
আজ (সোমবার) সীমান্তের মছিল সেক্টরে গেরিলাদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এক সেনা কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উত্তর কাশ্মিরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গেরিলারা লুকিয়ে রয়েছে এমন খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ওই এলাকায় অভিযান চালায়।
অন্য এক সূত্রে প্রকাশ, নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর সময় লুকিয়ে থাকা গেরিলারা বিএসএফ জওয়ানদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় উভয় পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। জওয়ানদের পাল্টা গুলিতে এক গেরিলা ঘটনাস্থলেই নিহত হয়। অন্যদিকে, গেরিলাদের গুলিতে আহত জওয়ানদের আর্মি বেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
গেরিলারা সীমান্তে অনুপ্রবেশ করার সময় সংঘর্ষ হয় নাকি তারা আগে থেকেই ওই এলাকায় লুকিয়ে ছিল এখনো সরকারিভাবে স্পষ্ট হয়নি। ঘটনাস্থলের উদ্দেশ্যে অতিরিক্ত জওয়ান পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮