কাশ্মির ইস্যুতে বাজপেয়ীর উদ্যোগের পুনরাবৃত্তি দাবি করলেন মেহবুবা
https://parstoday.ir/bn/news/india-i16732-কাশ্মির_ইস্যুতে_বাজপেয়ীর_উদ্যোগের_পুনরাবৃত্তি_দাবি_করলেন_মেহবুবা
জম্মু-কাশ্মিরের চলমান সমস্যা সমাধান করতে সাবেক বিজেপি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগের পুনরাবৃত্তি করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি আজ (সোমবার) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেহবুবা ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ১৭:০৩ Asia/Dhaka
  • নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বৈঠক
    নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বৈঠক

জম্মু-কাশ্মিরের চলমান সমস্যা সমাধান করতে সাবেক বিজেপি প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগের পুনরাবৃত্তি করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি আজ (সোমবার) দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেহবুবা ওই মন্তব্য করেন।

মেহেবুবা বলেন, ‘আমি আশা করছি, প্রধানমন্ত্রী মোদি এক সুযোগ হিসেবে গ্রহণ করে জম্মু-কাশ্মিরের মানুষদের সমস্যা সমাধানের জন্য তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। যেরকম বাজপেয়ীজির আমলে করা হয়েছিল সেরকমই কিছু করবেন।’ তিনি বলেন, ‘আমি মনে করি জম্মু-কাশ্মিরের মানুষের ক্ষত দূর করা প্রয়োজন।’

মেহেবুবা বলেন, ‘বাজপেয়ীজির আমলে যেরকম জম্মু-কাশ্মিরের মানুষের হৃদয় জয়ের চেষ্টা হয়েছিল তার পুনরাবৃত্তি করা জরুরি।’

তিনি বলেন, ‘এরা সকলে আমাদেরই মানুষজন। যদি রাজ্যের মানুষের সঙ্গে সংলাপে পরিস্থিতির উন্নতি হয় তাহলে সেটাই করা উচিত। জম্মু-কাশ্মির ভারত-পাকিস্তানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে যদি সঠিকভাবে সংলাপ প্রক্রিয়া শুরু করা যায়।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে মেহবুবা মুফতি

কাশ্মির ইস্যুতে কেন্দ্রীয় মোদি সরকারের পদক্ষেপে মেহবুবা যে খুশি নন, তা তার বক্তব্যের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ চলমান সঙ্কট থেকে বেরিয়ে আসতে তিনি সাবেক বাজপেয়ী সরকারের নেয়া পদক্ষেপের পুনরাবৃত্তি করা প্রয়োজন বলে সাফ জানিয়েছেন।

গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর জম্মু-কাশ্মিরের মানুষজন প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। নিরপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ৫৭ জন বেসামরিক মানুষজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৭,৫০০ জন। পেলেট গানের ছররা গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছেন বহু মানুষ। কারফিউ, ১৪৪ ধারা, মোবাইল ফোন ও ইন্টারনেটে নিষেধাজ্ঞাসহ সামরিক বাহিনীর ভারী বুটের আওয়াজ তথা একটানা বনধে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমআই/৮