কাশ্মির পরিস্থিতি খুবই গুরুতর, সংসদে আলোচনার জন্য প্রস্তুত: রাজনাথ সিং
https://parstoday.ir/bn/news/india-i16804-কাশ্মির_পরিস্থিতি_খুবই_গুরুতর_সংসদে_আলোচনার_জন্য_প্রস্তুত_রাজনাথ_সিং
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পরিস্থিতিকে গুরুতর বলে মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৯, ২০১৬ ১৩:৫৭ Asia/Dhaka
  • স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
    স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পরিস্থিতিকে গুরুতর বলে মন্তব্য করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আজ (মঙ্গলবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কাশ্মিরে চলমান সহিংসতা প্রসঙ্গে সদস্যরা উদ্বেগ প্রকাশ করে আলোচনার দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন,‘কাশ্মিরের পরিস্থিতি খুবই গুরুতর। যদি হাউস চায় তাহলে আমরা আলোচনার জন্য তৈরি।’

তিনি বলেন, ‘সকলের সহযোগিতাতেই কাশ্মির সমস্যার সমাধান হবে। এই ইস্যু নিয়ে সংসদে আলোচনায় আমার কোনো আপত্তি নেই।’

কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকাভি সংসদে বলেন, ‘কাশ্মির প্রসঙ্গে আগামীকাল বুধবার বেলা ২ টার সময় সংসদে আলোচনা হবে।’

রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবী আজাদের দাবি, সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাশ্মির উপত্যাকায় যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হবে। তিনি এ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকাসহ সংসদে আলোচনার দাবি জানান।

সমাজবাদী পার্টির সংসদ সদস্য নরেশ অগ্রোয়াল বলেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এজন্য আজই এ নিয়ে আলোচনা করতে হবে।

কংগ্রেসের প্রমোদ তেওয়ারি বলেন, ‘যখন ভারত জ্বলছে, তখন কাশ্মির ইস্যু নিয়ে আজই আলোচনা করা হবে না কেন?’

বহুজন সমাজবাদী পার্টি’র (বসপা) প্রধান মায়াবতী বলেন, ‘যখন কাশ্মির ইস্যু নিয়ে আলোচনা হবে তখন প্রধানমন্ত্রীকে এ নিয়ে জবাব দিতে হবে।’ দলিতদের নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে বলেও মায়াবতী বলেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে রাজ্যের পরিস্থিতি জানানোর পর সাংবাদিকদের সামনে বলেন, ‘যারা মারা গেছে তারা আমাদের দেশেরই যুবক। আমাদের ঘরের ছেলে। তাই গোটা কাশ্মিরের মানুষজন ক্ষুব্ধ।’ 

তিনি বলেন, ‘আমি মনে করি উপত্যকার মানুষের ক্ষতে মলম লাগানোর প্রয়োজন আছে। আশা করি এই সুযোগে প্রধানমন্ত্রী মোদি জম্মু-কাশ্মিরের বাসিন্দাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন এবং সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পথে উপত্যকার মন জয় করবেন।’

জম্মু-কাশ্মির, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি শান্তিপ্রয়াসের সেতু হতে পারে বলেও মেহবুবা মন্তব্য করেন। আর এতেই বিড়ম্বনা বেড়েছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের। কারণ, তারা বরাবরই কাশ্মিরে অশান্তির পিছনে পাকিস্তানের ইন্ধন থাকার কথা বলে আসছে। যদিও রাজ্যে জোটধর্ম রক্ষার স্বার্থে পিডিপি-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী মেহবুবার উক্তি নিয়ে বিজেপি বা আরএসএস নেতাদের কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

গত ৮ জুলাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর জম্মু-কাশ্মিরের মানুষজন প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। নিরপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ৫৭ জন বেসামরিক মানুষজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে ৭,৫০০ জন। চলছে একটানা কারফিউ, ১৪৪ ধারা, মোবাইল ফোন এবং ইন্টারনেটে নিষেধাজ্ঞা, বনধসহ নানা বিধিনিষেধ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু মিছিল। এর থেকে বেরোনোর উপায় খুঁজতে শুরু করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অবশ্য কার্যত পরিস্থিতির দায় কেন্দ্রীয় সরকারের উপরে চাপিয়ে দিয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৯