বুরহান ওয়ানি সন্ত্রাসী ছিলেন না, মানুষ তাকে ভালোবাসত : পিডিপি বিধায়ক
https://parstoday.ir/bn/news/india-i16861-বুরহান_ওয়ানি_সন্ত্রাসী_ছিলেন_না_মানুষ_তাকে_ভালোবাসত_পিডিপি_বিধায়ক
জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন পিডিপি দলের বিধায়ক মুশতাক আহমদ শাহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানিকে সন্ত্রাসী বলতে অস্বীকার করেছেন। তিনি বুরহানকে ‘মহান এবং ধার্মিক’ বলে অভিহিত করেছেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১০, ২০১৬ ০৯:৪৩ Asia/Dhaka
  • বুরহান ওয়ানি- মুশতাক আহমদ শাহ
    বুরহান ওয়ানি- মুশতাক আহমদ শাহ

জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন পিডিপি দলের বিধায়ক মুশতাক আহমদ শাহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানিকে সন্ত্রাসী বলতে অস্বীকার করেছেন। তিনি বুরহানকে ‘মহান এবং ধার্মিক’ বলে অভিহিত করেছেন।  

জম্মু-কাশ্মিরে বর্তমানে পিডিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। বিজেপি তথা কেন্দ্রীয় সরকার যেখানে বুরহান ওয়ানিকে সন্ত্রাসী বলে ঘোষণা করে তার নিহত হওয়ার ঘটনাকে বড় সাফল্য বলে মনে করছে সেখানে পিডিপি বিধায়কের ওই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জম্মু-কাশ্মিরের ত্রালের পিডিপি বিধায়ক মুশতাক আহমদ। ওই এলাকাতেই বাড়ি বুরহান ওয়ানির। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘উনি সন্ত্রাসী ছিলেন না।  উনি ‘মহান এবং ধার্মিক’ চরিত্রের ছিলেন বলেই মানুষ তাকে ভালোবাসত। যারা বুরহান ওয়ানি নিহত হওয়ার ঘটনায় দুঃখ পেয়েছেন তাদের সঙ্গে আমাদের দলের কোনো বিরোধ নেই।’

মুশতাক আহমদ বলেন, ‘আমি ত্রালের বাসিন্দা হওয়ায় জানি মানুষ তাকে কত ভালোবাসত এবং সম্মান করত। তাদের শোক প্রকাশ যথাযথ। আমরা মনে করি বুরহানের মৃত্যুতে বিচ্ছিন্নতাবাদীরা নতুন শক্তি পেয়ে গেল।’

তিনি বলেন, ‘কাশ্মির ইস্যু বুরহানের মৃত্যুর পর শেষ হয়ে যায়নি বরং তা আরো প্রজ্বলিত হয়ে উঠেছে। বুরহান সাবেক সরকার কর্তৃক নির্যাতিত এবং শোষণের ফলে এরকম তৈরি হয়েছিল। এটা সকলেই জানেন ন্যাশনাল কনফারেন্স যুবকদের জোর করে থানায় ঢুকিয়ে দিত এবং কীভাবে তাদের ওপর অত্যাচার হতো।’

পিডিপি’র ওই বিধায়ক রাজ্যের পুলিশের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন। তার মতে, উপত্যাকায় মানুষকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে না দেয়ার ফলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  

প্রসঙ্গত, বিজেপি’র সিনিয়র নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আগেই বুরহান ওয়ানিকে ‘কুখ্যাত সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন। তার বিরুদ্ধে, হত্যা, হত্যার চেষ্টা, নিরাপত্তা বাহিনীর কাছ থেকে গোলাবারুদ কেড়ে নেয়ার চেষ্টাসহ এ ধরণের ১৫ টি মামলা ছিল বলেও তিনি জানান। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১০