স্বাধীনতা উৎসব ‘কাশ্মিরের আজাদি’র নামে উৎসর্গ করা হয়েছে: বাসিত
-
আব্দুল বাসিত পাক হাই কমিশনার
ভারতের নয়া দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিত বলেছেন, এ বছর স্বাধীনতার উৎসব কাশ্মিরের আজাদি’র নামে উৎসর্গ করা হয়েছে। নয়া দিল্লিতে পাক দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে পাক হাই কমিশনার আব্দুল বাসিত বলেন ‘এ বছর ‘জশন ই আজাদি’ আমরা ‘কাশ্মিরের আজাদি’র নামে করছি।’
খোদ নয়া দিল্লিতে বসে বাসিত অবশ্য এখানেই থেমে থাকেননি। তিনি বলেছেন, ‘কাশ্মিরের আজাদি পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। কাশ্মিরের জন্য জীবন উৎসর্গ করা কুরবানী বিফল হবে না।’
আজ ১৪ আগস্ট (রোববার) পাকিস্তানের ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপন করছে নয়া দিল্লির পাক দূতাবাস।
পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন আব্দুল বাসিত।
বাসিতের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস নেতা অভিষেক মনুসিংভি বলেন, ‘কাশ্মির লাভ করার জন্য পাকিস্তানের স্বপ্ন লক্ষ-কোটি বছরেও পূরণ হবে না।’ তিনি আন্তর্জাতিকস্তরে পাকিস্তানকে একঘরে করতে কেন্দ্রীয় মোদি সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।
পাকিস্তান থেকে একনাগাড়ে সীমান্ত-সন্ত্রাসবাদ পাচার করা হচ্ছে অভিযোগ করে গত ৯ আগস্ট পাক হাই কমিশনার আব্দুল বাসিতকে সাউথ ব্লকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। পাকিস্তান থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ সংক্রান্ত তৎপরতার নানা উদাহরণ পেশ করে বাসিতকে ডিমার্চ দেন তিনি।
যদিও কয়েক ঘণ্টার মধ্যেই পাক পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘নিয়ন্ত্রণ রেখায় ভারতের তোলা অনুপ্রবেশের অভিযোগ আমরা দৃঢ়ভাবে অস্বীকার করছি। পাকিস্তান কারো বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে নিজের ভূখণ্ড ব্যবহৃত হতে না দেয়ার নীতিতে অটল রয়েছে। ভারতের দাবির সত্যতা কতদূর, তা প্রমাণ সাপেক্ষ, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জোগাড় করা হচ্ছে।’
ওই ঘটনার পাঁচ দিনের মাথাতেই পাক হাই কমিশনার আব্দুল বাসিত ‘কাশ্মিরের আজাদি’ প্রসঙ্গে মন্তব্য করলেন।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৪