বন্দুক দিয়ে কাশ্মির সমস্যার সমাধান হবে না: মেহবুবা মুফতি
https://parstoday.ir/bn/news/india-i17290-বন্দুক_দিয়ে_কাশ্মির_সমস্যার_সমাধান_হবে_না_মেহবুবা_মুফতি
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘কাশ্মিরে বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। তিনি আজ (সোমবার) স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ১২:০০ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
    জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘কাশ্মিরে বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না। তিনি আজ (সোমবার) স্বাধীনতা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন।

মেহবুবা বলেন, ‘বন্দুক দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। সাম্প্রতিক সহিংস ঘটনায় কয়েক হাজার সাধারণ মানুষ আহত হয়েছে।’

তিনি বলেন, ‘জওহরলাল নেহেরু থেকে শুরু করে এ পর্যন্ত সমস্ত জাতীয় নেতৃত্ব এবং রাজনৈতিক দল জম্মু-কাশ্মির পরিস্থিতির জন্য দায়ী। তারা কাশ্মিরের মৌলিক সমস্যা বুঝতে ব্যর্থ হয়েছে। বন্দুক, তা সে সন্ত্রাসবাদীদের হোক বা আমাদের বন্দুক এতে কোনো সমস্যার সমাধান হয় না। বন্দুক আমাদের সুবিচার দিতে পারে না।’

মেহবুবা বলেন, ‘জম্মু-কাশ্মির একটি ফুলের তোড়া। এখানে সকল ধর্মের, সমস্ত সংস্কৃতির লোকেরা বাস করে। দেশের মানুষের সঙ্গে রাজ্যের কোনো ঝগড়া নেই। কাশ্মিরের সন্তানরা ভারতের প্রত্যেক অংশে রয়েছে।’

তিনি বলেন, ‘আগে লোকেরা নিরাপত্তা বাহিনীকে ভয় পেত। কিন্তু এখন আর এরকমটি নেই। এখন উপত্যকার মানুষ পাথর ছোঁড়া লোকজনকে ভয় পায়।’

মেহবুবা বলেন, ‘কিছু লোক বাচ্চাদের সামনে দিয়ে পিছন থেকে হামলা চালাচ্ছে, এসবের কারা দায়ী?’ তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা কী করতে পারি? রাজ্যে আইআইএম, আইআইটি থাকা সত্ত্বেও যে ছাত্রদের পড়াশোনা করার কথা তারা আজ অন্ধ হয়ে গেছে।’        

যদি কোনো সেনাবাহিনীর জওয়ান বা পুলিশকর্মীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে তাহলে জবাব তলব করা হবে বলেও মন্তব্য করেন মেহবুবা। তিনি বলেন, ‘আমি ওয়াদা করছি যে, আমার নির্দেশের বিরুদ্ধাচরণ করা নিরাপত্তা বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে।’

সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অসম্পূর্ণ কাজ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সম্পূর্ণ হবে বলেও মেহবুবা আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫