কাশ্মিরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৫
https://parstoday.ir/bn/news/india-i17368-কাশ্মিরে_বিক্ষোভকারীদের_ওপর_নিরাপত্তা_বাহিনীর_গুলি_নিহত_৫
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ মধ্য কাশ্মিরের বাডগাম জেলার বীরওয়াতে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের মৃত্যু হয় দক্ষিণ কাশ্মিরের লারকিপোরা দরুতে। এ নিয়ে সেখানে গত ৩৮ দিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৬, ২০১৬ ১২:১৮ Asia/Dhaka
  • কাশ্মিরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ৫

কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ বেসামরিক ব্যক্তি নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। আজ মধ্য কাশ্মিরের বাডগাম জেলার বীরওয়াতে পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী গুলি চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। এদের মধ্যে একজনের মৃত্যু হয় দক্ষিণ কাশ্মিরের লারকিপোরা দরুতে। এ নিয়ে সেখানে গত ৩৮ দিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৫ হয়েছে।  

আজ (মঙ্গলবার) এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ সকালে মাগাম এলাকায় সিআরপিএফের একটি গাড়িতে যুবকদের একটি দল পাথর ছোঁড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ৪ জন নিহত হওয়ার পাশাপাশি ১৫ জন্য আহত হয়।’

দক্ষিণ কাশ্মিরের লাকিপোরা দরুতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও ১২ জন আহত হয়। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিশেষ বৈঠক করেন। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা সংস্থা ‘র’ এবং আইবি প্রধানসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিকে, কাশ্মিরের বিভিন্ন স্থানে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কারফিউ এবং অন্যান্য নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাশ্মিরি নেতারা বনধের মেয়াদ বাড়িয়ে ১৮ আগস্ট পর্যন্ত করেছেন। পরবর্তীতে ওই মেয়াদ আরো বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন ব্যবস্থা গত ৯ জুলাই থেকে একটানা বন্ধ রয়েছে। রাজ্যটিতে গত ৮ জুলাই হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর সেখানকার সাধারণ মানুষ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছে। ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা কাশ্মির।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬