কাশ্মিরে জাতিসংঘ দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচি, হুররিয়াত নেতা গ্রেফতার
-
জাতিসংঘ দফতরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এক কাশ্মিরি শিশু
কাশ্মিরে আজ জাতিসংঘের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাসা থেকে বের হতেই হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।
হুররিয়াতের গণমাধ্যম উপদেষ্টা শাহীদ-উল ইসলাম বলেন, মীরওয়াইজ ওমর ফারুক আজ বাড়ি থেকে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গ্রুপের দফতরের উদ্দেশ্যে বের হওয়ার সময় একটি পুলিশ গাড়ি এসে তাকে থানায় নিয়ে যায়।
জাতিসংঘের দফতরের উদ্দেশ্যে মার্চ করার ঘোষণা দেয়াতে নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে আজ সেখানে যাওয়ার সব সড়ক বন্ধ করে দেয়ার পাশাপাশি কঠোর কারফিউ বলবত করা হয়।
মঙ্গলবার হুররিয়াত কনফারেন্স নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসিন মালিক যৌথভাবে জাতিসংঘের দফতরের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন।
হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুক মঙ্গলবার বলেন, ‘জাতিসংঘ রাজ্যের মানুষকে দেয়া তাদের প্রতিশ্রুতি পূরণ করতে বাধ্য। আমরা শ্রীনগরে জাতিসংঘের দফতরে গিয়ে কাশ্মিরের মানুষের কাছে তারা কী প্রতিজ্ঞা করেছিল তা ওদের মনে করিয়ে দিতে চাই। তাদের দেয়া প্রতিশ্রুতি পালন না করায় কাশ্মিরের মানুষ কীভাবে ভুক্তভোগী হচ্ছে তাও ওদের জানানো হবে।’
ওমর ফারুক বলেন, ‘নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে যদি আমাদের বাধা দেয়া হয় তাহলে যেখানে বাধা দেয়া হবে সেখানেই আমরা ধর্না-অবস্থানে বসে পড়ব। প্ল্যাকার্ড হাতে নিয়ে ৭২ ঘণ্টা ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালানো হবে।’ ‘কাশ্মিরের বর্তমান পরিস্থিতিতে জাতিসংঘ নীরব দর্শক হয়ে থাকতে পারে না’ বলেও তিনি মন্তব্য করেন।
অন্যদিকে, কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের নির্বাহী সভাপতি ওমর আব্দুল্লাহ সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে নিরপরাধ বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করতে আজ বুধবার সমস্ত বিরোধী দলের বৈঠক ডেকেছেন। দলীয় সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল কফারেন্সের সাধারণ সম্পাদক আলী মুহাম্মদ সাগর বলেন, রাজ্যের ক্ষমতাসীন পিডিপি-বিজেপি সরকার যেভাবে সহিংসতা থামিয়ে শান্তি বহাল করতে ব্যর্থ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৭