কাশ্মির পরিস্থিতির জন্য পিডিপি-বিজেপি সরকার দায়ী: চিদম্বরম
https://parstoday.ir/bn/news/india-i17482-কাশ্মির_পরিস্থিতির_জন্য_পিডিপি_বিজেপি_সরকার_দায়ী_চিদম্বরম
ভারতের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম কাশ্মিরে গত ৬ সপ্তাহ ধরে চলা অবনতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাসীন পিডিপি-বিজেপি সরকারকে দায়ী করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৭, ২০১৬ ১৫:৫৮ Asia/Dhaka
  • ভারতের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম
    ভারতের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম

ভারতের সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা পি চিদাম্বরম কাশ্মিরে গত ৬ সপ্তাহ ধরে চলা অবনতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাসীন পিডিপি-বিজেপি সরকারকে দায়ী করেছেন।

আজ (বুধবার) তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতিতে সেখানে সঙ্কট বৃদ্ধি পেয়েছে।‘ তিনি আজ জম্মু-কাশ্মিরের বিশৃঙ্খল পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সেখানে সহিংসতা বন্ধের দাবি জানিয়েছেন।

চিদাম্বরমের দাবি, কথা এবং পদক্ষেপের মধ্যে সংযম অবলম্বন করলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি বলেন, ‘প্রতিবাদকারী যুবক, বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।’

সরকার বর্তমান সঙ্কট থেকে কাটিয়ে ওঠার জন্য উপায় খুঁজে পাবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে চিদাম্বরম বলেন, ‘সবার আগে অবশ্যই সহিংসতা বন্ধ করতে দ্রুত এক সমাধান খুঁজে বের করতে হবে এবং তারপর এমন পথে এগোতে হবে যাতে জম্মু-কাশ্মিরের মানুষের প্রত্যাশা, শান্তি ও সমৃদ্ধি আসে।‘  

প্রসঙ্গত, গত জুলাইয়ে এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে পি চিদাম্বরম কাশ্মিরিদের বৃহত্তর স্বায়ত্তশাসন দেয়ার পক্ষে সাফাই দিয়েছিলেন। তার মতে, সবচেয়ে ভালো সমাধান এটাই যে নয়া দিল্লিকে কাশ্মিরি জনতাকে এটা আশ্বাস দেয়া যে, কাশ্মির অন্তর্ভুক্ত হওয়ার সময় যে ‘বড় সমঝোতা’র ওয়াদা করা হয়েছিল তা সম্পূর্ণভাবে পালন করা হবে। তা না করা হলে দেশকে চড়া মূল্য দিতে হবে বলেও সাবেক ইউপিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সেসময় মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭