কাশ্মিরে ধরপাকড়ের প্রতিবাদ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত অধ্যাপক
https://parstoday.ir/bn/news/india-i17548-কাশ্মিরে_ধরপাকড়ের_প্রতিবাদ_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_নিহত_অধ্যাপক
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক অধ্যাপক নিহত এবং অন্য ১৮ জন আহত হয়েছে। নিহত ওই লেকচারারের নাম শাবির আহমদ মাঙ্গো(৩০)। তিনি একটি প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক লেকচারার ছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০১৬ ১৫:১০ Asia/Dhaka
  • হুররিয়াত নেতা-সাইয়্যেদ আলী শাহ গিলানি,মীর ওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিক ( ফাইল ছবি)
    হুররিয়াত নেতা-সাইয়্যেদ আলী শাহ গিলানি,মীর ওয়াইজ ওমর ফারুক ও ইয়াসিন মালিক ( ফাইল ছবি)

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক অধ্যাপক নিহত এবং অন্য ১৮ জন আহত হয়েছে। নিহত ওই লেকচারারের নাম শাবির আহমদ মাঙ্গো(৩০)। তিনি একটি প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক লেকচারার ছিলেন।

পুলিশ বলছে, বুধবার রাতে কাশ্মিরের পুলওয়ামা জেলায় খিরিয়ু এলাকায় সেনাবাহনী তল্লাশি অভিযান চালালে তার বিরোধীতা করে বিক্ষোভ দেখানোর সময় মারধরের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগই যুবক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত রাত সাড়ে ১১টা নাগাদ সেনাবাহিনী জওয়ান এবং জম্মু-কাশ্মির পুলিশের বিশেষ বাহিনী বাড়ি বাড়ি ধরপাকড় চালাতে তল্লাশির সময় বাসিন্দারা বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। 

এক সামরিক কর্মকর্তা বলেন, এ নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং শিগগিরি এ ব্যাপারে বিবৃতি দেয়া হবে। 

কারফিউ

 

এ দিকে, কাশ্মিরে সহিংসতার ৪১ তম দিনেও শ্রীনগর, পুলওয়ামা, অনন্তনাগ, পামপোরসহ বিভিন্নস্থানে কারফিউ অব্যাহত রয়েছে। রাস্তায় মানুষজনের চলাচল নিয়েও নিষেধাজ্ঞা চলছে।

অন্যদিকে, কাশ্মিরি নেতারা আজ (বৃহস্পতিবার) যৌথভাবে কাশ্মিরে চলমান বনধ কর্মসূচির মেয়াদ ২৫ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছেন। এক বিবৃতিতে তারা আগামী ২০ আগস্ট মোটর সাইকেল, বাইসাইকেল এবং পায়ে হেঁটে জেলা সদরের উদ্দেশ্যে ‘আজাদি রোড শো’ করার ডাক দিয়েছেন। এছাড়া ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন দিনে অন্যান্য কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৮