নয়াদিল্লিতে মেহবুবা, কাশ্মির পরিস্থিতি জানাবেন মোদিকে
-
কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ আলোচনা করতে শ্রীনগর থেকে নয়াদিল্লিতে উড়ে এসেছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আজ (শনিবার) তিনি রাজ্যের চলমান অশান্ত পরিস্থিতি সম্পর্কে জানানোসহ প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলবেন। গত বছর দেওয়ালির সময় প্রধানমন্ত্রী ৮০ হাজার কোটি টাকার প্যাকেজ দেয়ার ঘোষণা করেছিলেন, যদিও বিভিন্ন অসুবিধার জন্য তা বরাদ্দ হয়নি। মেহবুবা সেই প্রসঙ্গও তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে।
এদিকে, কেন্দ্রীয় বিজেপি সরকার তথা পিডিপি-বিজেপি জোট শরিক বিজেপি’র সঙ্গে কয়েকটি ইস্যুতে অভ্যন্তরীণ মতবিরোধ দেখা দিয়েছে। কারণ, কেন্দ্রীয় সরকার উপত্যাকায় সকলের সঙ্গে কথা বলতে ইচ্ছুক বললেও হুররিয়াত কনফারেন্স সম্পর্কে কঠোর অবস্থানেই রয়েছে। রাজ্যে বিজেপির জোট শরিক পিডিপি অবশ্য হুররিয়াত নেতাদের সঙ্গে সংলাপের পক্ষপাতি। তাদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথা বলা প্রয়োজন। গত দুই মাস ধরে হুররিয়াত নেতাদের গৃহবন্দি করে রাখা হলেও তাতে যে পরিস্থিতি মোটেও শান্ত হয়নি তা স্পষ্ট হয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরের নেহেরু গেস্ট হাউসে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেও মুখ্যমন্ত্রী মেহবুবা সেখানে যাননি। উপত্যাকায় বার্তা ছড়িয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরেই সেখানে শান্তি উদ্যোগ নেয়া হয়েছে। এতে মেহবুবা রাজনৈতিকভাবে কিছুটা চাপে পড়েছেন। এমতাবস্থায় মোদি-মেহেবুবা বৈঠকের পরেই কাশ্মিরে সর্বদলীয় প্রতিনিধি পাঠানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে।
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে প্রকাশ, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নামের তালিকা দেয়া হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সেখানে সর্বদলীয় প্রতিনিধিদল সফরে যেতে পারেন। রাজ্যটিতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুইবার সেখানে সফরে গেছেন। এর মধ্যে মেহবুবাও এ বার নিয়ে দুইবার দিল্লি সফর করছেন। যদিও কাশ্মির পরিস্থিতির বিন্দুমাত্র কোনো উন্নতি না হওয়ায় বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৭