কাশ্মিরে গণভোটের দাবিকে সমর্থন করলেন শঙ্করাচার্য অধোক্ষানন্দ দেবতীর্থ
-
গোবর্ধনপীঠের শঙ্করাচার্য অধোক্ষানন্দ দেবতীর্থ
জাতিসঙ্ঘের নজরদারিতে ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত দুই কাশ্মিরেই গণভোট নেয়ার দাবি জানিয়েছে ভারতের গোবর্ধনপীঠের শঙ্করাচার্য অধোক্ষানন্দ দেবতীর্থ। এতে স্থায়ী শান্তি আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। প্রস্তাবিত গণভোট জাতিসঙ্ঘের নিরাপত্তাবাহিনীর সুরক্ষার মাধ্যমে করা উচিত বলেও মন্তব্য করেন।
গতকাল (রোববার) নিজ আশ্রমে সাংবাদিকদের সামনে শঙ্করাচার্য ওই মন্তব্য করেন।
কাশ্মির নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন বাকযুদ্ধ তথা পাল্টাপাল্টি কূটনৈতিক তৎপরতা চলছে, তখন শঙ্করাচার্যের এ ধরণের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার হুররিয়াত কনফারেন্সের সঙ্গে সংলাপে যাবে কী না তা নিয়ে টানাপড়েন থাকলেও শঙ্করাচার্য অধোক্ষানন্দ দেবতীর্থ বলেছেন, ‘কাশ্মিরে শান্তির জন্য সরকারকে হুররিয়াত কনফারেন্সের সঙ্গে সংলাপে যেতে ইতস্তত করা উচিত নয়। বর্তমান সংকট থেকে বের হতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে কথাবার্তা বলা উচিত।’
শঙ্করাচার্য বলেন, ‘মানুষের কথা শোনা এবং তাদের প্রকৃত সমস্যার সমাধান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। জনগণের বাস্তবিক সমস্যা শোনার জন্য সরকার নৈতিকভাবে বাধ্য বলেও তিনি মন্তব্য করেন।
শঙ্করাচার্যের অভিমত, সরকারকে সন্ত্রাসবাদী এবং সড়কে নেমে যেসব কাশ্মিরি নিষ্ঠাবান বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে পার্থক্য বুঝতে হবে।
তিনি বলেন, সরকারকে পাকিস্তানের সঙ্গেও আলাপ-আলোচনা অব্যাহত রাখা উচিত। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর পথ অনুসরণ করে পাকিস্তানের সঙ্গে কথাবার্তা বলাসহ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও আলোচনায় বসা প্রয়োজন।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতে আধ্যাত্মিক গুরু নামে পরিচিত শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে বেঙ্গালুরুতে সাক্ষাৎ করেছেন কাশ্মিরে নিহত হিজবুল মুজাহিদীন নেতা বুরহান ওয়ানির বাবা মুজাফফর ওয়ানি। তার দাবি, হুররিয়াত কাশ্মির আন্দোলনের নেতৃত্বে রয়েছে, তাদের সঙ্গে নিঃশর্তে সংলাপে বসলেই সমস্যার স্থায়ী সমাধান বেরোতে পারে। তিনি এক প্রশ্নের জবাবে রবিশঙ্করকে বলেন, কাশ্মিরের মানুষ কী চায় তা কাশ্মিরে এসে নিজেই বুঝে নিন। রাজ্যে শান্তি প্রতিষ্ঠায় রবিশঙ্করকে তার প্রভাব কাজে লাগানোর জন্যও আবেদন করেছেন মুজাফফর ওয়ানি।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৯