বেলুচিস্তানের বিচ্ছিন্নতাকামী নেতাদের রাজনৈতিক আশ্রয় দেবে ভারত!
-
পাক সেনাবাহিনী বেলুচিস্তানে আন্দোলন দমনের নামে পাশবিকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাকামী নেতাদের ভারত রাজনৈতিক আশ্রয় দেবে বলে দাবি করেছে ভারতের সিএনএন-নিউজ১৮ চ্যানেল।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাকামী নেতাদের ভারত রাজনৈতিক আশ্রয় দেবে বলে দাবি করেছে ভারতের সিএনএন-নিউজ১৮ চ্যানেল।
চ্যানেলটির খবরে বলা হয়েছে, বেলুচ নেতারা আনুষ্ঠানিকভাবে আবেদন করলে তাদেরকে কয়েক সপ্তাহের মধ্যেই রাজনৈতিক আশ্রয় দেয়া হবে। দিল্লির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বেলুচ বিচ্ছিন্নতাবাদী নেতা ব্রাহুমদাগ বুগতি। স্বেচ্ছা নির্বাসিত এ নেতা বলেন, সুযোগ পেলেই তিনি ভারতে চলে যাবেন। তার ভাষায়, ‘বেলুচ জনগণের স্বার্থে’ ভারতে যাবেন তিনি।
এদিকে, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ নিয়ে ভারত সরকারের নীতি সমর্থন করে না আমেরিকা। পাশাপাশি পাকিস্তানের ভৌগলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও নিশ্চিত করেছে ওয়াশিংটন।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দেশটির অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তান প্রদেশের জনগণের সঙ্গে বৈষম্যমুলক আচরণ করছে বলে সেখানে বিচ্ছিন্নতাকামী নেতারা অভিযোগ করছেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বেলুচ আন্দোলনকারীরা। তারা বেলুচিস্তানের ওপর ‘পাকিস্তানের অবৈধ দখলদারিত্বের’ বিরুদ্ধে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পাক সেনাবাহিনী বেলুচিস্তানে আন্দোলন দমনের নামে পাশবিকতা চালাচ্ছে।
গত ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে দেয়া ভাষণে বেলুচিস্তান নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘স্বাধীনতা অর্জনের’ জন্য পাকিস্তানের বেলুচ জনগণ অনেক ত্যাগ করছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে পাকিস্তানের স্বাধীনতা দিবসকে কাশ্মিরের ‘আত্মনিয়ন্ত্রণ অধিকারের’ সংগ্রামের প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি সংবাদ ব্রিফিংয়ে বলেন, পাকিস্তানে ঐক্য এবং সংহতিকে সম্মান করে মার্কিন সরকার। এছাড়া, বেলুচিস্তানের কথিত স্বাধীনতাকে ওয়াশিংটন সমর্থন করে না বলেও জানান তিনি। বেলুচিস্তানে কথিত মানবাধিকার লঙ্ঘন এবং স্বাধীনতা সংগ্রামের বিষয়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কিরবি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/১৮