জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা: ১ সেনা ও ২ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i21832-জম্মু_কাশ্মিরে_সেনাবাহিনীর_ক্যাম্পে_হামলা_১_সেনা_ও_২_গেরিলা_নিহত
জম্মু-কাশ্মিরের বারামুলার জানবাজপুরায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা ঘাঁটিতে গেরিলা হামলায় এক ভারতীয় সেনা নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই গেরিলা মারা গেছে। একটি সূত্রে প্রকাশ, দুই বিএসএফ এবং দুই রাষ্ট্রীয় রাইফেলস জওয়ান আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৩, ২০১৬ ০৮:৫৩ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা: ১ সেনা ও ২ গেরিলা নিহত

জম্মু-কাশ্মিরের বারামুলার জানবাজপুরায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা ঘাঁটিতে গেরিলা হামলায় এক ভারতীয় সেনা নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই গেরিলা মারা গেছে। একটি সূত্রে প্রকাশ, দুই বিএসএফ এবং দুই রাষ্ট্রীয় রাইফেলস জওয়ান আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে দশটা নাগাদ গেরিলারা আচমকা গ্রেনেড হামলা এবং এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় অবশ্য গেরিলারা সেনা শিবিরে ঢুকতে ব্যর্থ হয়েছে। কমপক্ষে ৪/৫ জন গেরিলা ওই হামলা চালায় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

রাত ১টা নাগাদ দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শেষ হয়। আজ (সোমবার) ভোর তিনটা পর্যন্ত গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে চিরুনি তল্লাশি চালানো হয়। দুই গেরিলা নিহত হলেও সেনাবাহিনী অন্যদের ঘিরে রেখেছে বলে বলা হচ্ছে। যদিও এরইমধ্যে এক হামলাকারীর ঝিলাম নদী পেরিয়ে পালিয়ে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। এলাকায় সেনাবাহিনীর 'কুইক রিঅ্যাকশন টিম' মোতায়েন করা হয়েছে।

গতকাল রাত ১টা নাগাদ অবসরপ্রাপ্ত কর্নেল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জানান, "আমাদের সাহসী সেনারা বারামুলাতে আমাদের সুরক্ষার জন্য লড়াই করছে।"

গত ১৮ সেপ্টেম্বর রাতে কাশ্মিরের উরিতে সেনাবাহিনীর ব্রিগেড সদর দফতরে গেরিলা হামলায় ১৯ জন সেনা নিহত হয়। এরপর নতুন করে হামলার ঘটনায় এক সেনা জওয়ান নিহত হলো।

গতরাতের ওই হামলা সম্পর্কে বিএসএফের মহানির্দেশক কে কে শর্মা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে জানিয়েছেন। রাত ১২টা নাগাদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও রাজনাথকে ওই হামলা সম্পর্কে জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিষয়টি জানানো হয়েছে।  

১৮ সেপ্টেম্বর উরিতে হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়। তবে পাকিস্তান ওই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩