কাশ্মিরে হরতাল: জনজীবন বিপর্যস্ত, নিরাপত্তা বাহিনীর রাইফেল লুট
https://parstoday.ir/bn/news/india-i28474-কাশ্মিরে_হরতাল_জনজীবন_বিপর্যস্ত_নিরাপত্তা_বাহিনীর_রাইফেল_লুট
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যাকায় হরতাল ধর্মঘটের ফলে শুক্রবার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কাশ্মিরি নেতাদের ডাকা হরতালের ফলে এ দিন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজসহ সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ১১:১৬ Asia/Dhaka
  • কাশ্মিরে হরতালে জনজীবন বিপর্যস্ত, জুমার পর বিক্ষোভ এবং পুলিশের সাথে সংঘর্ষ
    কাশ্মিরে হরতালে জনজীবন বিপর্যস্ত, জুমার পর বিক্ষোভ এবং পুলিশের সাথে সংঘর্ষ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির উপত্যাকায় হরতাল ধর্মঘটের ফলে শুক্রবার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কাশ্মিরি নেতাদের ডাকা হরতালের ফলে এ দিন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজসহ সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ ছিল।

হরতালকে কেন্দ্র করে উপত্যাকার সকল স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শ্রীনগরের নৌহাট্টার জামিয়া মসজিদে জুমা নামাজ শেষ হওয়ার পরেই যুবকরা একটি প্রতিবাদ মিছিল বের করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা ব্যর্থ করে দেয়। এ সময় ক্ষুব্ধ যুবকরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

শ্রীনগরের বাটমালু এলাকায় সহিংস বিক্ষোভ অনুষ্ঠিত হয়। রেক চক, দানদরখা, এস ডি কলোনি প্রভৃতি এলাকায় প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের পক্ষ থেকে শূন্যে গুলি ছুঁড়ে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করা হয়।

এদিন, পুলওয়ামা, ত্রাল, বারামুল্লা, বান্দিপোরা, সোপোর, সঙ্গম, বাডগাম, কুলগাম, সোপিয়ান প্রভৃতি এলাকায় বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক ডজনের বেশি বেসামরিক ব্যক্তি এবং কিছু পুলিশকর্মী আহত হয়।      

জম্মু-কাশ্মিরের বাডগাম জেলায় শুক্রবার জুমা নামাজ শেষে সহিংস প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই ঘটনায় এক পুলিশকর্মী আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ সময় কিছু অজ্ঞাত ব্যক্তি তার স্বয়ংক্রিয় রাইফেল এবং ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অবশ্য খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার হয়। 

অন্যদিকে, পুলিশ সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যম জানিয়েছে, এ দিন জুমা নামাজ শেষে বাডগাম জেলার মাগাম এলাকার মাখহামা গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি মোকাবিলার জন্য মাগাম থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় কনস্টেবল রিয়াজ আহমেদ আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৭