কাশ্মিরে গেরিলা হামলায় ভারতের ৩ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/india-i28525-কাশ্মিরে_গেরিলা_হামলায়_ভারতের_৩_সেনা_নিহত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আকস্মিক গেরিলা হামলায় তিন সেনা নিহত হয়েছে। ভারতের সামরিক মুখপাত্র জানিয়েছেন, গেরিলারা সেনাবাহিনীর একটি বহরের ওপর হামলা চালালে এসব সেনা নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৬ ২১:৩০ Asia/Dhaka
  • কাশ্মিরে ভারতীয় সেনাদের অ্যাকশন (ফাইল ফটো)
    কাশ্মিরে ভারতীয় সেনাদের অ্যাকশন (ফাইল ফটো)

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আকস্মিক গেরিলা হামলায় তিন সেনা নিহত হয়েছে। ভারতের সামরিক মুখপাত্র জানিয়েছেন, গেরিলারা সেনাবাহিনীর একটি বহরের ওপর হামলা চালালে এসব সেনা নিহত হয়।

জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে গেরিলারা এ হামলা চালায়। সেখানে ভারতীয় সেনারা ১৯৮৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ মোকাবেলা করে আসছে।

গত বেশ কয়েক বছর কাশ্মিরে গেরিলা হামলা কম থাকার পর চলতি বছর তা আবার বেড়েছে। এজন্য ভারত বার বার পাকিস্তানকে দোষারোপ করে আসছে। ভারত বলছে, পাকিস্তান গেরিলা ও অন্য রসদ পাঠিয়ে সশস্ত্র লড়াই জিইয়ে রেখেছে। অন্যদিকে, পাকিস্তানে সে অভিযোগ নাকচ করে চলেছে। ইসলামাবাদ বলছে, নয়া দিল্লিকে অবশ্যই কাশ্মির ইস্যুতে আলোচনায় বসার বিষয়ে রাজি হতে হবে।

ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শনিবারের হামলার পর ভারতীয় সেনারা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। গত মাসে কাশ্মিরের একটি অফিসার মেসে গেরিলা হামলায় অন্তত সাত সেনা নিহত হয়। সর্বশেষ এ হামলা সম্পর্কে কাশ্মিরের বিরোধীদলীয় নেতা ওমর আব্দুল্লাহ এক টুইট বার্তায় বলেছেন, “নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের দিক দিয়ে এটি একটি খারাপ বছর এবং তা নিতান্তই খারাপ হয়েছে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭