কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১ গেরিলা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বারামুল্লা জেলায় আজ (মঙ্গলবার) সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অজ্ঞাত এক গেরিলা নিহত হয়েছে। বারামুল্লার হারিতার তারজু এলাকায় কমপক্ষে দুই গেরিলা লুকিয়ে আছে গোপনসূত্রে এমন খবর পাওয়ার পরে নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ শুরু হলে এক গেরিলা নিহত হয়। তার কাছ থেকে অস্ত্র এবং গোলাগুলি উদ্ধার হয়েছে।
খ্রিস্টীয় নববর্ষের প্রাক্কালে দক্ষিণ কাশ্মিরের কুপওয়াড়া জেলায় শনিবার সন্ধ্যায় গেরিলা হামলায় এক পুলিশ কর্মী নিহত হয়েছিল। চগুল হান্দওয়াড়া এলাকায় গেরিলারা পুলিশের টহলদারি দলে আচমকা হামলা চলালে আব্দুল করিম শেখ নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়। রোববার তার জানাজায় লাখো মানুষের সমাগম হয়।
গত ২৯ ডিসেম্বর কাশ্মিরের বান্দিপোরা জেলার হাজিন এলাকার শাহগুন্ড গ্রামে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে দুই জওয়ান আহত হয়। সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ১৯ রাষ্ট্রীয় রাইফেলস, স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ান এবং পুলিশ যৌথভাবে তল্লাশি চালায়। এ সময় গেরিলারা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চলালে নায়েক মদন সিং এবং সিপাহী এইচ কৃষ্ণা গুরুতর ভাবে আহত হয়। তাদের শ্রীনগরের ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, যুদ্ধবিরতি লঙ্ঘন, এনকাউন্টার, সীমান্ত সংঘর্ষ ইত্যাদি ঘটনায় ২০১৬ সালে ভারতীয় ৬০ জওয়ান নিহত হয়েছে। ২০১৫ এবং ২০১৪ সালে ওই সংখ্যা ছিল যথাক্রমে ৩৩ এবং ৩২।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩