কাশ্মিরে সেনাঘাঁটিতে গেরিলা হামলা: সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার ৩ শ্রমিক নিহত
https://parstoday.ir/bn/news/india-i30463-কাশ্মিরে_সেনাঘাঁটিতে_গেরিলা_হামলা_সীমান্ত_সড়ক_নির্মাণ_সংস্থার_৩_শ্রমিক_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আখনুর সেক্টরে গেরিলা হামলায় সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার তিন শ্রমিক নিহত হয়েছে। আজ (সোমবার) ভোর রাত ২ টা নাগাদ সেনাবাহিনীর জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স বা জিআরইএফ শিবিরে গুলি চালিয়ে হামলা করলে ওই ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৯, ২০১৭ ০৮:৪০ Asia/Dhaka
  • ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিশ মেহতা
    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিশ মেহতা

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আখনুর সেক্টরে গেরিলা হামলায় সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার তিন শ্রমিক নিহত হয়েছে। আজ (সোমবার) ভোর রাত ২ টা নাগাদ সেনাবাহিনীর জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স বা জিআরইএফ শিবিরে গুলি চালিয়ে হামলা করলে ওই ঘটনা ঘটে।

গেরিলাদের ওই হামলার ঘটনায় সেনাবাহিনীর সমস্ত শিবিরে সতর্কতা জারি করে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। গেরিলারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।  

জিআরইএফ বর্ডার রোড অর্গানাইজেশনের অংশ। এটি সিভিল ইঞ্জিনিয়ার্স গ্রুপ যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। সীমান্ত এলাকায় অবকাঠামো তৈরি করাই এদের কাজ।

একটি সূত্রে প্রকাশ, রোববার দিবাগত গভীর রাতে স্থানীয় বাটাল গ্রামে গ্রামবাসীরা গুলি চলার শব্দ শুনতে পায় এমনকি তারা পিঠে ব্যাগ থাকা অবস্থায় দুই/তিনজন গেরিলাকেও এলাকায় দেখতে পায় বলে জানায়।

ভারত-পাক নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে গেরিলারা জিআরইএফ শিবিরকে টার্গেট করে গুলিবর্ষণ করলে তিন জন নিহত হয়।   

আজ (সোমবার) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিশ মেহতা জিআরইএফ শিবিরে হামলার ঘটনায় তিন শ্রমিকের নিহত হওয়ার কথা নিশ্চিত করে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন।

এদিকে, নোট বাতিলের ফলে সীমান্তে সন্ত্রাসী কাজকর্ম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে কেন্দ্রীয় বিজেপি সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও আজকের ওই হামলার ঘটনায় সরকারের ওই দাবি কার্যত ভুল প্রমাণিত হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৯