কাশ্মিরের ৩৭০ ধারাকে দুর্বল করা সবচেয়ে বড় জাতীয়তাবিরোধী কাজ: মেহবুবা
https://parstoday.ir/bn/news/india-i32101-কাশ্মিরের_৩৭০_ধারাকে_দুর্বল_করা_সবচেয়ে_বড়_জাতীয়তাবিরোধী_কাজ_মেহবুবা
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘যে কারো পক্ষ থেকে রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারাকে দুর্বল করা সবচেয়ে বড় জাতীয়তাবিরোধী কাজ হবে। আমাদের সংস্কৃতি এবং রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ৩১, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি
    জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি বলেছেন, ‘যে কারো পক্ষ থেকে রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দেয়া ৩৭০ ধারাকে দুর্বল করা সবচেয়ে বড় জাতীয়তাবিরোধী কাজ হবে। আমাদের সংস্কৃতি এবং রাজ্যের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’

আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, মেহবুবা বলেছেন ‘দেশের মধ্যে কিছু শক্তি ভাবছে ৩৭০ ধারা তুলে দিয়ে কাশ্মির সমস্যা সমাধান হয়ে যাবে এবং সবকিছু নিষ্পত্তি হয়ে যাবে। আসলে আমাদের সংস্কৃতি এবং রাজ্যের বিরদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যারা ৩৭০ ধারার বিরুদ্ধে কথা বলছেন তারা জানে না এই ধারা আমাদের বিশেষ মর্যাদা এবং তা আমাদের প্রকৃতিতে রয়েছে। এজন্য আমরা দু’টি মতাদর্শ (দ্বি-জাতিতত্ত্ব) এবং ধর্মকে খারিজ করে ভারতের সঙ্গে হাত মিলিয়েছি।’

বিজেপি এবং অন্য হিন্দুত্ববাদী দলের পক্ষ থেকে বরাবরই কাশ্মির থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার দাবি জানানো হয়। বর্তমানে পিডিপি-বিজেপি জোট সরকার কাশ্মিরে ক্ষমতাসীন রয়েছে। ৩৭০ ধারা নিয়ে মেহবুবা মন্তব্য করে বিজেপি’র বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

কেন্দ্রীয় সরকারে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় যাওয়ার পরেই ২০১৪ সালে কাশ্মির থেকে ৩৭০ ধারা নিয়ে বিতর্ক উসকে দেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ‘একটা মনস্তাত্ত্বিক ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে যে, যেন ৩৭০ ধারা উঠে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমরা পরিসংখ্যান দিয়ে মানুষকে বোঝাতে পারি বাস্তবতাটা কী।’

এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ওই ধারা বিলোপ করার অর্থ হবে কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেয়া।’ তার মতে, ভারতের সঙ্গে জম্মু-কাশ্মিরের সাংবিধানিক সম্পর্ক দাঁড়িয়ে আছে ৩৭০ ধারার ওপর। কাজেই এ ধরণের কথাবার্তা অবান্তর নয়, দায়িত্বজ্ঞানহীন৷

সেসময় পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন।

গত ২৮ জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে সতর্ক করে দিয়ে ওমর আবদুল্লাহ বলেন, ‘বিজেপি ৩৭০ ধারা অপসারণের জন্য বিচারব্যবস্থাকে ব্যবহার করতে পারে। কারণ তারা বুঝতে পেরছে ওই ধারাকে বাতিল করতে তারা আইনসভার পথকে ব্যবহার করতে পারবে না।’ এ নিয়ে কোনো গরমিলের চেষ্টা হলে তীব্র বিবাদ সৃষ্টি হতে পারে বলেও ওমর আবদুল্লাহ হুঁশিয়ারি দেন। এর পরেই ৩৭০ ধারা নিয়ে মেহবুবার মন্তব্য প্রকাশ্যে এল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩১