কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে গভর্নরের শাসন প্রয়োজন: ফারুক আবদুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i38220-কাশ্মির_পরিস্থিতি_স্বাভাবিক_করতে_গভর্নরের_শাসন_প্রয়োজন_ফারুক_আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মির উপত্যাকায় স্বাভাবিক অবস্থা পুনঃস্থাপন করতে এবং শান্তি ফিরিয়ে আনতে গভর্নরের শাসন কার্যকর করা ও বিধানসভা স্থগিত করা আবশ্যক।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৯, ২০১৭ ০৮:২৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ
    জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মির উপত্যাকায় স্বাভাবিক অবস্থা পুনঃস্থাপন করতে এবং শান্তি ফিরিয়ে আনতে গভর্নরের শাসন কার্যকর করা ও বিধানসভা স্থগিত করা আবশ্যক।’ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

শ্রীনগর কেন্দ্রের সংসদ সদস্য ডা. ফারুক আবদুল্লাহ রাজ্যে ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট সরকারের সমালোচনা করে বলেন, ‘পিডিপি-বিজেপি জোটের মধ্যে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ওই জোটের একমাত্র উদ্দেশ্যে ক্ষমতা লাভ করা।’     

তিনি বলেন, ‘জোটের এজেন্ডাকে টুকরো করে তা বাতিল করে দেয়া হয়েছে। পিডিপি’র কথা বলতে হলে, তারা তো জোটের এজেন্ডাকে মুফতি সাহেবের (প্রয়াত মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ) মৃত্যুর সময়েই দাফন করে দিয়েছে।’ 

ফারুক আব্দুল্লাহকে জিজ্ঞেস করা হয় শোনা যাচ্ছে পিডিপি-বিজেপি জোট মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির জায়গায় বিজেপি’র মুখ্যমন্ত্রী আনার চেষ্টা করছে সে সম্পর্কে কী বলবেন? জবাবে ফারুক আবদুল্লাহ বলেন, এরকম পদক্ষেপ নেয়া হলে কাশ্মির উপত্যাকায় শান্তি পুনঃস্থাপিত হতে পারবে না। কারণ, ওই জোট আগেই ব্যর্থ হয়েছে। এদের দ্বারা রাজনৈতিক প্রতিশ্রুতির একটিও পূরণ হয়নি।’

ফারুক বলেন, ঘোড়া পরিবর্তন করে কিছু হবে না। এই সরকারের ওপর থেকে মানুষের আস্থা উঠে গেছে, যার দৃষ্টান্ত পাওয়া গেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে নারীরা মেহবুবা মুফতির অনুষ্ঠান বয়কট করে স্লোগান দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন।

পিডিপি-বিজেপি জোটের মধ্যে মুখ্যমন্ত্রী পরিবর্তন নিয়ে কোনো সমঝোতা না হলেও সম্প্রতি রাজ্য বিজেপিতে ওই দাবি জোরালো হয়ে উঠেছে।

বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জম্মু সফর করার সময়ে দলীয় নেতারা বিজেপি’র মুখ্যমন্ত্রীও হওয়া উচিত বলে দাবি করেন।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মুফতি মুহাম্মদ সাঈদ মারা যাওয়ার পরে নতুনভাবে সেখানে জোট সরকার গড়ার মুখে বিজেপি’র পক্ষ থেকে ওই দাবি জোরালো হয়ে ওঠে। কিন্তু সেসময় বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব ওই দাবিতে সায় দেননি। এবার পুনরায় ওই দাবির কথা ঘোরাফেরা করায় রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং অবশ্য বলেছেন, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯