জম্মু-কাশ্মিরে ৪টি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নিরুদ্দেশ হলেন পুলিশকর্মী
https://parstoday.ir/bn/news/india-i38364-জম্মু_কাশ্মিরে_৪টি_স্বয়ংক্রিয়_রাইফেল_নিয়ে_নিরুদ্দেশ_হলেন_পুলিশকর্মী
জম্মু-কাশ্মিরে এক পুলিশ কর্মী ৪টি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, দক্ষিণ কাশ্মিরের বাডগাম জেলার ওই পুলিশ কর্মীর খোঁজে ব্যাপক তল্লাশিসহ গোটা কাশ্মির উপত্যাকায় সতর্কতা জারি করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২১, ২০১৭ ০৮:৪২ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে ৪টি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নিরুদ্দেশ হলেন পুলিশকর্মী

জম্মু-কাশ্মিরে এক পুলিশ কর্মী ৪টি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে নিরুদ্দেশ হয়েছেন। আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, দক্ষিণ কাশ্মিরের বাডগাম জেলার ওই পুলিশ কর্মীর খোঁজে ব্যাপক তল্লাশিসহ গোটা কাশ্মির উপত্যাকায় সতর্কতা জারি করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, চাঁদপুরা এলাকায় ভারতীয় খাদ্য নিগমের (এফসিআই) গোডাউনে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনেস্টেবল সৈয়দ নাভেদ মুস্তাক। তিনি তার তিন সহযোগীর ইনসাস রাইফেল, ম্যাগজিন এবং কার্তুজ নিয়ে পালিয়ে গেছেন। ওই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

অন্য এক সূত্রে প্রকাশ, নিখোঁজ হওয়া ওই পুলিশকর্মী অস্ত্রসহ গেরিলা দলে শামিল হয়েছে। এ ব্যাপারে ওই পুলিশ কর্মীর তিন সহযোগীকে কর্তব্যে অবহেলার দায়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলতি বছরে কাশ্মির উপত্যাকায় কোনো পুলিশকর্মী অস্ত্রসহ গেরিলা দলে শামিল হওয়ার এটিই প্রথম ঘটনা।

২০১২ সালে পুলিশে ভর্তি হওয়া নাভেদ আহমেদ দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানের বাসিন্দা যেখানে কিছুদিন আগে সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওমর ফৈয়াজকে গেরিলারা অপহরণ করার পরে হত্যা করে।

রাইফেল নিয়ে পুলিশ কর্মীর পালিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বিশেষ কিছু বলতে চাননি। কিন্তু এক কর্মকর্তার দাবি, ওই পুলিশকর্মী গেরিলা দলে শামিল হয়েছে। তাকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য গোটা উপত্যাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং তার সম্ভাব্য ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে, অন্য এক ঘটনায় শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মিরের নওগাঁ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করতে গিয়ে দুই জওয়ান নিহত হয়েছে। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে দুই গেরিলাও নিহত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২১