কাশ্মির সমস্যা আমরা সৃষ্টি করিনি, ৬৯ বছরের পুরোনো সমস্যা: নাইডু
https://parstoday.ir/bn/news/india-i39092-কাশ্মির_সমস্যা_আমরা_সৃষ্টি_করিনি_৬৯_বছরের_পুরোনো_সমস্যা_নাইডু
ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, কাশ্মির সমস্যা আমরা সৃষ্টি করিনি, এটি ৬৯ বছরের পুরোনো সমস্যা। তিনি আজ (বুধবার) এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩১, ২০১৭ ১১:৩০ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু
    ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু

ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেছেন, কাশ্মির সমস্যা আমরা সৃষ্টি করিনি, এটি ৬৯ বছরের পুরোনো সমস্যা। তিনি আজ (বুধবার) এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

তিনি কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলাপ আলোচনার সম্ভাবনাকে খারিজ করে দিয়ে বলেন, ‘সহিংসতা স্রেফ দক্ষিণ কাশ্মিরের ৫ টি জেলায় সীমিত রয়েছে এবং রাজ্যের বাকি অংশে শান্তি প্রতিষ্ঠিত আছে। সরকার বিচ্ছিন্নতাবাদীদের বাদে অন্য সকল পক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।’

নাইডু বলেন, ‘রাজ্য ও কেন্দ্রীয় সরকার কাশ্মির উপত্যাকার পরিস্থিতি মোকাবিলা করতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। আমরা কাশ্মির সমস্যা সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমরা সাবেক কংগ্রেস সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি।’

তিনি সাবেক কেন্দ্রীয় কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা কাশ্মির সমস্যা সৃষ্টি করিনি, এটি ৬৯ বছরের পুরোনো সমস্যা। সেজন্য ব্যর্থতার প্রশ্ন উঠছে কী করে? এটা মহান কংগ্রেসি নেতাদের রেখে যাওয়া উত্তরাধিকার।’ 

তার দাবি, রাজ্যের সমস্যা অতটা ব্যাপক নয়, যতটা গণমাধ্যমে দেখানো হচ্ছে।

নাইডু বলেন, ‘৫ টি জেলা বাদে রাজ্যের বাকি অংশ সহিংসতা মুক্ত। দক্ষিণ কাশ্মির বাদে রাজ্যের অন্য অংশে শান্তি রয়েছে। উত্তর কাশ্মিরে বিশেষ সমস্যা নেই। জম্মুতে কোনো বড় সমস্যা নেই, লাদাখেও সমস্যা নেই।’ 

হুররিয়াত কনফারেন্সের সঙ্গে আলোচনার প্রস্তাব সরকার স্পষ্টভাবে খারিজ করছে কী?  এই প্রশ্নের জবাবে নাইডু বলেন, ‘আমি স্রেফ এটাই বলছি যে, কাশ্মিরকে বিচ্ছিন্ন করার প্রশ্নই নেই। দেশের ঐক্যে নিয়ে কোনো প্রশ্নই উঠছে না।’   

তিনি বলেন, ‘এটা উন্নয়নের ইস্যু। একটি বিশেষ এলাকায় উন্নয়ন হয়নি। কিন্তু কাউকে জমিনের এক ইঞ্চি অংশও দেয়ার প্রশ্ন নেই। উন্নয়নের প্রশ্নে আমরা সকলের সঙ্গে কথা বলতে পারি। আমরা বিচ্ছিন্নতাবাদীদের কথা কেন তুলব? আমরা কাশ্মিরি জনতার সঙ্গে কথা বলতে চাই যারা ভারতের অংশ।’

হুররিয়াত কনফারেন্সের সঙ্গে আলোচনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতির সঙ্গে মতভেদের কথা কার্যত স্বীকার করে নিয়ে নাইডু বলেন, ‘মতভেদ এজন্য যে আমরা ভিন্ন ভিন্ন দল।’

মেহবুবা হুররিয়াত নেতাদের সঙ্গে আলোচনার দাবি তুলেছেন। এ প্রসঙ্গে নাইডু বলেন, ‘পিডিপি ওই কথা বলছে, সরকার নয়। এটা ওদের ধারণা হতে পারে, আমাদের নয়।’

জম্মু-কাশ্মিরে বর্তমানে পিডিপি-বিজেপি জোট সরকার ক্ষমতায় রয়েছে। সেখানে চলমান অস্থিরতার মধ্যে হুররিয়াত নেতাদের গৃহবন্দি করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩১