ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার নিখোঁজ; বেঁচে গেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i41548-ভারতীয়_বিমান_বাহিনীর_হেলিকপ্টার_নিখোঁজ_বেঁচে_গেছেন_স্বরাষ্ট্র_প্রতিমন্ত্রী
ভারতের অরুণাচল প্রদেশে বিমান বাহিনীর একটি উন্নতমানের হাল্কা হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বেলা ৩টা ৫০ মিনিটের দিকে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলায় হেলিকপ্টারটি নিখোঁজ হয় এবং এতে তিনজন আরোহী ছিলেন। আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ০৫, ২০১৭ ১৪:৪৭ Asia/Dhaka
  • নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতীয়  হেলিকপ্টার
    নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতীয় হেলিকপ্টার

ভারতের অরুণাচল প্রদেশে বিমান বাহিনীর একটি উন্নতমানের হাল্কা হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বেলা ৩টা ৫০ মিনিটের দিকে অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলায় হেলিকপ্টারটি নিখোঁজ হয় এবং এতে তিনজন আরোহী ছিলেন। আরোহীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।

হেলিকপ্টারটি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত ছিল। ওই এলাকায় লাখ লাখ মানুষ পানিবন্দী রয়েছে। নিখোঁজ হেলিকপ্টার খুঁজে বের করার জন্য স্থানীয় জনগণকে উৎসাহিত করে তুলছেন অরুণাচলের মুখমন্ত্রী পেমা খান্ডু।

এদিকে, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজুজু অন্য একটি হেলিকপ্টারে চড়ে সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তাকে বহনকারী আরেকটি হেলিকপ্টার ভারতের উত্তর-পূর্বাঞ্চলে জরুরি অবতরণে বাধ্য হয় তবে মন্ত্রী অক্ষত রয়েছেন।

অরুণাচলে যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং সাড়ে পাঁচ টন ওজন বহনে সক্ষম। এ হেলকিপ্টার ভারতের বিমান, নৌ ও সেনাবাহিনী ব্যবহার করে এবং এটা হামলার কাজেও ব্যবহার করা যায়। এ ধরনের সাতটি হেলিকপ্টার ইকুয়েডরের কাছে বিক্রি করেছিল ভারত কিন্তু তার মধ্যে ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে চারটি বিধ্বস্ত হয়েছে। পরে ইকুয়েডর এসব হেলিকপ্টার ব্যবহার করা বন্ধ করে দেয় এবং বাকি তিনটি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। ভারত বলেছে, তাদের হেলিকপ্টার নির্মাণের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫