মোদির হৃদয়ে গরীব ও দুর্বল শ্রেণির কোনো স্থান নেই: গুজরাটে রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i46523-মোদির_হৃদয়ে_গরীব_ও_দুর্বল_শ্রেণির_কোনো_স্থান_নেই_গুজরাটে_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, মোদির হৃদয়ে গরীব ও দুর্বল শ্রেণির কোনো স্থান নেই, ধনীদের জন্য তার দরজা খোলা।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ২০:১০ Asia/Dhaka
  • গুজরাটে রাহুল গান্ধী
    গুজরাটে রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেন, মোদির হৃদয়ে গরীব ও দুর্বল শ্রেণির কোনো স্থান নেই, ধনীদের জন্য তার দরজা খোলা।

তিনি আজ (সোমবার) গুজরাট সফরে গিয়ে দ্বারকায় ওই মন্তব্য করেন। রাহুল নোট বাতিল এবং পণ্য ও পরিসেবা কর (জিএসটি) নিয়ে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনায় মুখর হন।

রাহুল বলেন, ‘নরেন্দ্র মোদিজি কারো পরামর্শ না নিয়েই ভারতের অর্থনীতিতে জোরালো আক্রমণ করেছেন। এখানেই না থেমে তিনি জিএসটি আনায় ছোট ব্যবসায়ী ও দোকানদাররা মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জিএসটিতে ছোট দোকানদারদের বিপদ বাড়লেও এতে ৪/৫টি বড় কোম্পানি সুবিধা পেয়েছে।’

কংগ্রেসের এই নেতা বলেন, ‘মোদিজি দুই কোটি যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আপনারাই বলুন, ক’জন চাকরি পেয়েছেন? আজ দেশ জুড়ে যুবকরা চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। ভারতীয় যুবকরা কাজ করতে চায়, তারা দেশ গড়তে চায়। কিন্তু বিজেপি সরকার তাদের কোনো কাজ দিতে পারছে না।’  

রাহুল আজ থেকে তিন দিনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট সফর করছেন। এখানে তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলীয় প্রচারের সূচনা করেন।

রাহুলের গুজরাট সফরকে স্বাগত জানিয়েছেন প্যাটেল/পাটিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল, রাজনৈতিক দিক থেকে যা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। গুজরাটে চলতি বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আগেভাগেই মাঠে নেমেছে কংগ্রেস।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫