কাশ্মিরে মহররমের শোক মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i46741-কাশ্মিরে_মহররমের_শোক_মিছিলে_পুলিশের_লাঠিচার্জ_কাঁদানে_গ্যাস_নিক্ষেপ
জম্মু-কাশ্মিরের শ্রীনগরের বিভিন্ন স্থানে মহররমের শোক মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় মিছিলকারীদের হটিয়ে দিতে পুলিশ লাঠি চালায় ও কাঁদানে গ্যসের সেল ফাটায়।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১৭:৪৬ Asia/Dhaka
  • মহররমের শোক মিছিলে টিয়ার গ্যাস নিক্ষেপ
    মহররমের শোক মিছিলে টিয়ার গ্যাস নিক্ষেপ

জম্মু-কাশ্মিরের শ্রীনগরের বিভিন্ন স্থানে মহররমের শোক মিছিলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় মিছিলকারীদের হটিয়ে দিতে পুলিশ লাঠি চালায় ও কাঁদানে গ্যসের সেল ফাটায়।  

আজ (শুক্রবার) বাটমালু এলাকা থেকে লালচকের দিকে মহররমের মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তা ব্যর্থ করে দেয়। একইভাবে জাহাঙ্গীর চক, আবি গুজার এলাকা থেকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ প্রেস কলোনির কাছে তা থামিয়ে দেয়। এ সময় বেশ কিছু মিছিলকারীকে পুলিশ গ্রেফতার করে।

ডালগেট এলাকায় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। প্রতিবাদকারীরা পাথর ছুঁড়লে পুলিশ লাঠি চালিয়ে ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করে। ওই ঘটনায় রামমুন্সী বাগ থানার কর্মকর্তাসহ ৪ পুলিশকর্মী আহত হন।  

আজ উত্তর কাশ্মিরের সোপোর শহরে পুরনো জামিয়া মসজিদ চত্বরে জুমা নামাজ শেষে প্রতিবাদী জনতা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেন। তারা ‘আজাদি’র দাবিতে স্লোগান দেয়াসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়।

শ্রীনগরের নৌহাট্টা এলাকাতেও জুমা নামাজ শেষে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পেলেট গানের ছররা গুলি ও রবার বুলেটের আঘাতে মুদাসসির বেগ নামে এক তরুণ গুরুতরভাবে আহত হয়েছেন। নৌসেরা এলাকার বাসিন্দা ওই তরুণকে শ্রীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আজ দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলায় সোপিয়ান মেইন চক এলাকায় নিরাপত্তা বাহিনীর গড়ি লক্ষ্য করে প্রতিবাদী তরুণরা পাথর নিক্ষেপ করলে তাদের ছত্রভঙ্গ করতে সরকারি বাহিনীকে শূন্যে গুলি ছুঁড়তে হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯