গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে: বিজেপি এমপি
-
মহারাষ্ট্রের বিজেপি সংসদ সদস্য সঞ্জয় কাকডে
ভারতের বিজেপিশাসিত গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হবে বলে মন্তব্য করেছেন দলীয় এমপি সঞ্জয় কাকডে। আজ (রোববার) গণমাধ্যমে প্রকাশ, মহারাষ্ট্রের বিজেপি সংসদ সদস্য সঞ্জয় কাকডে ওই দাবি করেছেন।
বিজেপি’র অন্য নেতারা অবশ্য সঞ্জয়ের ওই অনুমানকে নাকচ করে দিয়ে গুজরাটে বিজেপিই জয়ী হবে বলে দাবি করেছেন।
আগামীকাল সোমবার গুজরাট বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। কিন্তু তার আগেই বিভিন্ন গণমাধ্যমের জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। গুজরাটে মোট ১৮২ আসনের মধ্যে বিভিন্ন সংস্থার জরিপে বিজেপি ১০০/১১০ আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে।
কিন্তু বিজেপি এমপি সঞ্জয় কাকডে গণমাধ্যমের জারিপকে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আমাদের টিম এ ব্যাপারে জরিপ চালিয়েছে। ৭২ শতাংশ মানুষ কংগ্রেসের পিছনে ছিল। দলিত, ওবিসি, মুসলিম, প্যাটেল সকলেই কংগ্রেসের পিছনে ছিল। এই প্রথম এরকম হয়েছে। এছাড়া ১৫ দিন আগে সেখানে নির্বাচনি প্রচার শুরু হয়েছিল। সেখানে আমরা উন্নয়ন নিয়ে কোনো কথা বলিনি।’
তার মতে, সংখ্যাগরিষ্ঠতা ভুলে যান, দল এত আসন পাবে না যে তা দিয়ে সরকার গঠন করা যাবে। তার দাবি, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাবে।
সঞ্জয় অবশ্য বলেছেন, রাজ্যে বিজেপি যদি পুনরায় ক্ষমতায় যেতে পারে তাহলে তা কেবল নরেন্দ্র মোদির জন্য সম্ভব হবে। তিনি বলেন, বিজেপি গত ২২ বছর ধরে গুজরাটে ক্ষমতায় আছে। স্বাধীনতার পরে দেশে কোনো দল নেই যে (পশ্চিমবঙ্গে সিপিআইএম বাদে) তারা ২৫ বছর ধরে ক্ষমতায় ছিল।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৭