কাশ্মিরে গেরিলা ও বেসামরিক ব্যক্তি নিহতের প্রতিবাদে সর্বাত্মক বনধ পালিত
https://parstoday.ir/bn/news/india-i51955-কাশ্মিরে_গেরিলা_ও_বেসামরিক_ব্যক্তি_নিহতের_প্রতিবাদে_সর্বাত্মক_বনধ_পালিত
জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলা ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে সোপিয়ান ও পুলওয়ামা জেলায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৫, ২০১৮ ১৬:৩০ Asia/Dhaka
  • কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত
    কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলা ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে সোপিয়ান ও পুলওয়ামা জেলায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) বনধকে কেন্দ্র করে সেখানকার দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও গণপরিবহন ব্যবস্থা বন্ধ ছিল।  

গতকাল (বুধবার) বিকেলে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার চাইগান্দ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সোপিয়ানে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

পুলিশের এক কর্মকর্তার দাবি সন্ত্রাসীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের মধ্যে ক্রসফায়ারে এক বেসামরিক ব্যক্তি নিহত হন। 

দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার চাইগান্দ এলাকায় গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস ও আধাসামিরক বাহিনী সিআরপিএফ যৌথভাবে ওই এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। এসময় গেরিলারা এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় মানুষজন পাথর নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীকে বাধা সৃষ্টি করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন শাকির আহমেদ মীর (১৭) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত ও অন্য দু’জন পেলেটগানের ছররাগুলিতে আহত হন। আহতদের প্রথমে একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র স্থানন্তর করা হয়। 

ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল জম্মু-কাশ্মির বিধানসভায় বিরোধীরা তীব্র প্রতিবাদে সোচ্চার হন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫