জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ নিহত ৪, বনধের ডাক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ চারজন নিহত হয়েছে। ওই ঘটনায় এক কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।
আজ (শনিবার) শ্রীনগরের ছাত্তাবল এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে 'বন্দুকযুদ্ধে' ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত গেরিলাদের একজনকে ডাউনটাউন শ্রীনগর এলাকার বাসিন্দা ফায়াজ আহমদ হামাল নামে শনাক্ত করা হয়েছে। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, নিহতদের কাছ থেকে এ কে-৪৭ রাইফেল, আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, গ্রেনেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে এবং গেরিলাদের বড়সড় আক্রমণের পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়া সম্ভব হয়েছে।
আজ সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের লুকিয়ে থাকার খবর পেয়ে নিরাপত্তা সেখানে ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালালে গেরিলারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে 'বন্দুকযুদ্ধ' শুরু হয়।
কথিত বন্দুকযুদ্ধে নিহতের খবর ছড়িয়ে পড়ার পর শ্রীনগরের ডাউনটাউন এলাকার বিভিন্ন জায়গায় প্রতিবাদী তরুণরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এসময় সাফাকদল এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে ধাক্কায় আদিল আহমদ নামে এক বেসামরিক তরুণ মারা গেছেন। পুলিশ একে 'সড়ক দুর্ঘটনায় মৃত্যু' বলে জানিয়ে নাগরিকদের গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছে।
তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শ্রীনগরে মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে।
এদিকে, নিরাপত্তা বাহিনীর হাতে গেরিলা ও বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল (রোববার) সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক এবং মুহাম্মদ ইয়াসীন মালিক সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে কাশ্মির বন্ধের ডাক দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ আজ রেডিও তেহরানকে বলেন, ‘কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে প্রতিনিয়ত মৃত্যুর ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ওই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলপক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত। কেন্দ্রীয় সরকার কাশ্মির সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বিগত চার বছরে তা করতে ব্যর্থ হয়েছে।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫