কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘের: প্রত্যাখ্যান করল ভারত
https://parstoday.ir/bn/news/india-i59018-কাশ্মিরে_মানবাধিকার_লঙ্ঘনের_অভিযোগ_জাতিসংঘের_প্রত্যাখ্যান_করল_ভারত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। প্রধান বিরোধী দল কংগ্রেসও ওই রিপোর্ট প্রত্যাখ্যান করে সরকারের পাশে দাঁড়িয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৫, ২০১৮ ০৭:৩০ Asia/Dhaka
  • পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের এড়াতে এক ব্যক্তিকে সেনা জিপের সামনে দড়ি দিয়ে বেঁধে \'মানবঢাল\' হিসেবে ব্যবহার করে ভারতীয় বাহিনী
    পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের এড়াতে এক ব্যক্তিকে সেনা জিপের সামনে দড়ি দিয়ে বেঁধে \'মানবঢাল\' হিসেবে ব্যবহার করে ভারতীয় বাহিনী

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। প্রধান বিরোধী দল কংগ্রেসও ওই রিপোর্ট প্রত্যাখ্যান করে সরকারের পাশে দাঁড়িয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জিয়াদ রাদ আল হুসেইনের রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন যথাক্রমে ১৪৫ ও ২০ জন সাধারণ মানুষ। 

রিপোর্টে কাশ্মির উপত্যকায় গণকবরের তদন্ত, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি তোলা হয়েছে।

কাশ্মিরে আন্দোলনকারীদের উপর ছররা বুলেট প্রয়োগ করা নিয়ে রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে জিয়াদ রাদ আল হুসেইন বলেছেন, ২০১৬ সালের পর থেকে কাশ্মিরে যত মানুষকে হত্যা করা হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। বিষয়টি নিয়ে যাতে ‘কমিশন অব এনকোয়ারি’ গঠন করা হয়, সে জন্য তিনি ‘হিউম্যান রাইটস কাউন্সিল’-এর কাছে আবেদন জানাবেন।

জাতিসংঘের রিপোর্টে উপত্যকায় সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে অব্যাহতভাবে মদদ দেয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারত ওই রিপোর্ট প্রত্যাখ্যান করছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণাপূর্ণ। এর নেপথ্যে কী উদ্দেশ্য রয়েছে, আমরা জানতে চাই।’

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সূর্যেওয়ালা

প্রধান বিরোধীদল কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সূর্যেওয়ালা বলেন, “রিপোর্টটি অনেক দূরে বসে জম্মু ও কাশ্মিরের বাস্তব অবস্থা না বুঝেই তৈরি করা হয়েছে। জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। আমরা জাতিসংঘের রিপোর্টকে ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের ক্ষতি করার কায়েমি স্বার্থের পক্ষপাতদুষ্ট প্রয়াস হিসেবে নাকচ করছি।”

রণদীপ সিংহ সূর্যেওয়ালার প্রশ্ন- ‘ওই রিপোর্টে জৈশ-ই-মুহাম্মদ, হিজবুল মুজাহিদীনের মতো স্বঘোষিত সন্ত্রাসীদের সন্ত্রাসকে বৈধতা দেয়া হল কীভাবে? ভারতের মাটিতে পাকিস্তান যে সরকারি মদদপুষ্ট সন্ত্রাস রফতানি  করছে, জাতিসংঘ তা কী করে উপেক্ষা করতে পারে?’

এই প্রথম কাশ্মির ইস্যুতে জাতিসংঘের পক্ষ থেকে এত কঠোর সমালোচনা ও সরকারের পক্ষ থেকে ওই সমালোচনার পাল্টা বিবৃতি দিয়ে প্রত্যাখ্যানের বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫