জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৫ গেরিলা নিহত, নিষেধাজ্ঞা জারি
-
জম্মু-কাশ্মিরে পুলিশ গেরিলা সংঘর্ষ- নিহত ৫
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দুটি ভিন্ন ঘটনায় ৫ গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) উত্তর কাশ্মিরের বারামুল্লা জেলায় পুলিশের এক টহল দলের ওপর অজ্ঞাত গেরিলারা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে দুই গেরিলা নিহত হয়।
খবরটি নিশ্চিত করেছেন বারামুল্লার সিনিয়র পুলিশ সুপার ইমতিয়াজ হুসেইন। নিহতদের কাছ থেকে এ কে-৪৭ রাইফেল ও পিস্তল উদ্ধার হয়েছে।
অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র সীমান্তে অজ্ঞাত তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘কাশ্মিরের বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর উরি সেক্টর দিয়ে অজ্ঞাত তিন সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে তারা নিহত হয়। বনিয়ার এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী তাদেরকে চ্যালেঞ্জ জানায়। এসময় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়।’
এদিকে, আজ জুমাবার হওয়ায় নামাজ শেষে বিক্ষোভের আশঙ্কায় নৌহাট্টা, খানইয়ার, রায়নাওয়াড়ি, এম আর গঞ্জ এবং সাফাকদল এলাকায় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করে। এসব এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আজ উচ্চ মাধ্যমিক স্কুল, কলেজ বন্ধ রাখা হয়। আজ কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন